রাঙ্গামাটির দুর্গম ছোটহরিণা এলাকায় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ৭০ হাজার ৩০০ টাকা অনুদান দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (২০ আগস্ট) ছোটহরিণা ব্যাটালিয়ন (১২ বিজিবি) এর উদ্যোগে ‘সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্প’-এর আওতায় হরিণা জোন সদরে এ অনুদান বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জোন কমান্ডার ও ছোটহরিণা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ, ইঞ্জিনিয়ার্স।
অনুদানের আওতায় ভূষণছড়া ইউনিয়নের ফারুক-ই-আযম (রাঃ) হেফজখানা ও এতিমখানার শিক্ষার্থীদের খাবারের জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়। এছাড়া একটি পরিবারের বসতবাড়ি মেরামতের জন্য ঢেউটিন, তিনটি পরিবারকে নগদ অর্থ, দরিদ্র পরিবারের চিকিৎসা ও সন্তানদের লেখাপড়ার খরচ, দুটি স্ট্যান্ডসহ সেলাই মেশিন এবং একটি পরিবারকে সোলার প্যানেল দেওয়া হয়।
সব মিলিয়ে ১১টি বাঙালি ও ৩টি উপজাতি পরিবারসহ মোট ১৪টি পরিবার এবং একটি হেফজখানা-এতিমখানাকে এই সহায়তা দেওয়া হয়।
জোন কমান্ডার বলেন, “বিজিবি শুধু দেশের সীমান্ত রক্ষা নয়, মানুষের কল্যাণে কাজ করাকেও নিজেদের দায়িত্ব বলে মনে করে। ছোটহরিণার মতো দুর্গম পার্বত্য নদীবেষ্টিত এলাকায় হরিণা জোন নিয়মিতভাবে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াচ্ছে।”
তিনি আরও বলেন, অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে ছোটহরিণা ব্যাটালিয়নের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
স্থানীয়রা জানান, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি বিজিবির এ ধরনের মানবিক উদ্যোগ দুর্গম পাহাড়ি জনপদের মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
You cannot copy content of this page