নারায়ণগঞ্জের রূপগঞ্জে দৈনিক যায়যায়দিনের প্রতিনিধি সাংবাদিক রিপন মিয়াকে মামলা দিয়ে হয়রানি, সামাজিকভাবে হেয়প্রতিপন্ন এবং তার বাড়িতে হামলা ও ভাঙচুরের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে জজ মিয়া নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ছাড়া তার বিরুদ্ধে জমি দখল ও সাধারণ মানুষকে হয়রানির অভিযোগও করেছেন ভুক্তভোগী সাংবাদিক।
সম্প্রতি রূপগঞ্জের গোয়ালপাড়া এলাকার বাসিন্দা সাইফুল ইসলাম সমরের কারাগারে মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিক রিপন মিয়া ও জজ মিয়ার মধ্যে বিরোধের বিষয়টি সামনে আসে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাদকসংক্রান্ত অভিযোগ ও গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে প্রায় সাড়ে তিন মাস আগে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবাসহ সাইফুল ইসলাম সমরকে গ্রেপ্তার করে। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন। এরপর তাকে নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়। কারাগারে বন্দি অবস্থায় গত ৯ নভেম্বর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সাংবাদিক রিপন মিয়ার দাবি, সমরের বিরুদ্ধে মাদকসংক্রান্ত অভিযোগ ও গ্রেপ্তারের সংবাদ প্রকাশের পর থেকেই তাকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। সমরের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে জড়িয়ে বিভিন্ন অভিযোগ তুলে ভিডিও প্রচার করা হচ্ছে। এতে তার সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি।
রিপন মিয়া আরও বলেন, সমরের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তার পরিবারের সদস্যদের প্রভাবিত করা হচ্ছে। তাকে ফাঁসানোর উদ্দেশ্যে জজ মিয়ার উপস্থিতিতে বিভিন্ন বক্তব্য ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে। এমনকি অর্থের বিনিময়ে তার বিরুদ্ধে মামলা করানোর জন্য সমরের পরিবারকে প্ররোচিত করার অভিযোগও করেন তিনি।
তার অভিযোগ, শুধু তাকেই নয়, আরও কয়েকজন সাংবাদিককে বিভিন্ন মামলায় জড়ানোর চেষ্টা চলছে। পাশাপাশি তাকে ও তার পরিবারের সদস্যদের বাড়িতে হামলা এবং ভাঙচুরের হুমকি দেওয়া হয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে জজ মিয়া মুঠোফোনে বলেন, রিপন তার সঙ্গে বেশি বাড়াবাড়ি করছেন। এভাবে বাড়াবাড়ি করে তিনি কতদিন টিকতে পারবেন, তা সময়ই বলে দেবে। চাইলে সাংবাদিকদের দিয়ে তার বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশ করাতে পারেন বলেও মন্তব্য করেন তিনি।
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ প্রসঙ্গে জজ মিয়া বলেন, তাদের বাবা-দাদার আমল থেকেই তারা সম্পত্তির মালিক। জমি বিক্রির অর্থ দিয়েই গাড়ি ও বাড়ি করেছেন।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জজ কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আলম হোসেন বলেন, কারাগারে কোনো বন্দির মৃত্যু হলে সে বিষয়ে কারা কর্তৃপক্ষের দায়িত্ব ও আইনগত বিষয়গুলো বিবেচনা করতে হবে। কাউকে অপরাধে জড়িত সন্দেহে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া অপরাধ নয়। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রমাণ ছাড়া কারও বিরুদ্ধে মানহানিকর বক্তব্য প্রচার করা হলে সংক্ষুব্ধ ব্যক্তি আইনের আশ্রয় নিতে পারেন।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাহউদ্দিন বলেন, পুলিশ সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতেই আসামিদের গ্রেপ্তার করে আদালতে পাঠায়। মাদকের বিরুদ্ধে রূপগঞ্জ থানা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।
You cannot copy content of this page