বিদেশে বাংলাদেশের তিনটি মিশনের নেতৃত্বে থাকা তিন নারী কূটনীতিককে সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। তাঁরা হলেন ব্রুনাই দারুস সালামে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার নওরীন আহসান, নিউজিল্যান্ডে নিযুক্ত হাইকমিশনার সামিনা নাজ এবং গ্রিসে নিযুক্ত রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনা।
সোমবার (১২ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে তাঁদের এ পদোন্নতির কথা জানানো হয়। পদোন্নতির পরও পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাঁরা নিজ নিজ বর্তমান কর্মস্থলে দায়িত্ব পালন করবেন। জনস্বার্থে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে বলে এতে উল্লেখ করা হয়।
পদোন্নতিপ্রাপ্ত তিন কূটনীতিকের মধ্যে সামিনা নাজ ও নওরীন আহসান বিসিএস (পররাষ্ট্র) ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা। নাহিদা রহমান সুমনা ১৭তম ব্যাচের কর্মকর্তা।
নিউজিল্যান্ডের ওয়েলিংটনে বাংলাদেশের প্রথম আবাসিক হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন সামিনা নাজ। এর আগে তিনি ভিয়েতনাম ও মিশরে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। এ ছাড়া হেগ, দিল্লি এবং নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন তিনি।
অন্যদিকে, গ্রিসের এথেন্সে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নেওয়ার আগে নাহিদা রহমান সুমনা টানা চার বছর ব্রুনাই দারুস সালামে বাংলাদেশের হাইকমিশনার ছিলেন। তাঁর কূটনৈতিক জীবনে ব্রাসিলিয়া, অটোয়া, কলকাতা ও ক্যানবেরায় বাংলাদেশের মিশনে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে।
নওরীন আহসান ১৯৯৫ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন। কর্মজীবনে তিনি দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়া, নেদারল্যান্ডসের হেগ এবং কানাডার অটোয়ায় অবস্থিত বাংলাদেশ মিশনে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন।
উল্লেখ্য, ২০১৩ সালে ভারতের মুম্বাইয়ে বাংলাদেশ মিশনে প্রথম ডেপুটি হাইকমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে নারী কূটনীতিকের নেতৃত্বে বাংলাদেশি মিশন পরিচালনার একটি নতুন অধ্যায় শুরু হয়।
You cannot copy content of this page