ইরানের বিরুদ্ধে যুদ্ধের লক্ষ্য অর্জন এবং সংঘাতের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন পেয়েছেন বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ট্রাম্প তাঁর সঙ্গে মিলে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শেষ করতে চান বলেও জানিয়েছেন তিনি।
নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান নতুন করে কোনো হামলা চালালে দেশটিকে এমন শক্তিতে জবাব দেওয়া হবে, যা তারা কল্পনাও করতে পারবে না।
এদিকে, ইরানের ওপর আবারও হামলা চালানোর ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইরানকে ব্যাপকভাবে দুর্বল করে দেওয়া হয়েছে। প্রয়োজন হলে দেশটির বিরুদ্ধে আরও পদক্ষেপ নেওয়া হতে পারে।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রভাব নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, এ যুদ্ধের কারণে একদিকে ভোটারদের সমর্থন পাওয়া যেতে পারে। তাঁর মতে, অন্য প্রেসিডেন্টদের যে পদক্ষেপ নেওয়া উচিত ছিল, তিনি সেটিই করছেন। তবে অন্যদিকে, ভোটারদের একটি অংশ এ যুদ্ধ পছন্দ নাও করতে পারেন।
ট্রাম্প আরও বলেন, ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার কারণে তাঁকে রাজনৈতিক মূল্য দিতে হতে পারে—এ বিষয়টি তিনি শুরু থেকেই জানতেন। তা সত্ত্বেও ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না বলে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেন তিনি।
ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই কঠোর অবস্থানের মধ্যে মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
সূত্র: আলজাজিরা
You cannot copy content of this page