রংপুর ও রাজশাহী সফরের পর চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে সামরিক বিমানে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ, পানিসম্পদমন্ত্রী শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক মেয়র শাহাদাত হোসেন।
বিমানবন্দর থেকে সরাসরি নগরের জেএম সেন হল পূজামণ্ডপে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখানে পরিদর্শন শেষে তিনি চট্টগ্রাম সার্কিট হাউজে যাত্রাবিরতি করবেন।
এর আগে মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী প্রথমে রংপুরের ধারা গোবিন্দ মন্দির এবং পরে রাজশাহীর ধর্মপাশা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেন। সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দর থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা হন তিনি।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধা, হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহসভাপতি ও সংসদ সদস্য নিপুল রায় চৌধুরী, বিএনপির সহকারী সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ড, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
You cannot copy content of this page