নড়াইলের কালিয়া উপজেলায় কৃষক দল ও জাসাসের দুই নেতা হত্যার ঘটনাকে কেন্দ্র করে সাবেক সংসদ সদস্য বি এম কবিরুল হক মুক্তিসহ আওয়ামী লীগের নেতা-কর্মীদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ নভেম্বর) বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত উপজেলার বেন্দারচর গ্রামে এসব ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দাবি, ঘটনাস্থলে গিয়ে তারা ২০ থেকে ৩০টি বাড়িতে আগুন জ্বলতে দেখেছে।
এর আগে গত বুধবার কালিয়ায় বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় হামলার ঘটনায় উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল রানা ও পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম নিহত হন। এ হত্যাকাণ্ডের পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
বেন্দারচর গ্রামের ভুক্তভোগীদের অভিযোগ, দুই নেতার হত্যার জেরে শুক্রবার বিকেলে বিএনপির লোকজন সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তি, সাবেক পৌর মেয়র মুশফিকুর রহমানসহ আওয়ামী লীগের নেতা-কর্মীদের প্রায় ৫০টি বাড়িঘর ও দোকানপাটে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ করেন।
এ ছাড়া বড় কালিয়া এলাকায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষ্ণপদ ঘোষের বাড়িতেও হামলা ও আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। তবে এসব অভিযোগ অস্বীকার করে কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান দাবি করেছেন, অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন ও কাল্পনিক।
কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিন্নাতুল ইসলাম জানান, সাবেক সংসদ সদস্য ও কৃষ্ণপদ ঘোষের বাড়িসহ ১৫ থেকে ২০টি ঘর ভাঙচুর এবং পাঁচ থেকে ছয়টি ঘরে অগ্নিসংযোগের বিষয়ে তাঁরা নিশ্চিত হয়েছেন। তবে এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। হামলা ও অগ্নিসংযোগে কারা জড়িত, তা তদন্ত করা হচ্ছে।
কালিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা হুমায়ুন কবির জানান, শুক্রবার বিকেল ৪টার দিকে আগুন লাগার খবর পাওয়া যায়। তবে প্রতিবন্ধকতা ও নিরাপত্তাহীনতার কারণে ফায়ার সার্ভিসের কর্মীরা রাত ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছান। সেখানে গিয়ে তাঁরা ২০ থেকে ৩০টি বাড়িতে আগুন দেখতে পান।
এদিকে, বেন্দারচর গ্রামে হিন্দুধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলার তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে বক্তব্য দিয়েছে নড়াইল জেলা পুলিশ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, ওই এলাকায় কোনো হিন্দু বসতি নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোর কিছু পুরোনো এবং কিছু কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি। এসব ভিডিও ছড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে বলেও দাবি পুলিশের।
নড়াইলের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আল মামুন শিকদার জানান, নিহত দুই নেতার বিক্ষুব্ধ স্বজন ও সমর্থকেরা কয়েকটি বাড়িতে হামলা চালিয়েছেন। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
You cannot copy content of this page