পোশাক কারখানার উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রাখা এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে পোশাক খাতে চলমান অস্থিরতা রাজনৈতিকভাবে মোকাবিলার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় সচিবালয়ে সংশ্লিষ্ট মন্ত্রী ও উপদেষ্টাদের সঙ্গে জরুরি বৈঠক করেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব তথ্য জানান শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
শ্রমমন্ত্রী বলেন, ডিসেম্বরকে সামনে রেখে পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির যেকোনো চেষ্টা রাজনৈতিকভাবে মোকাবিলা করবে সরকার। পাশাপাশি কারখানার উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রাখা এবং মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।
সংশ্লিষ্ট সূত্র জানায়, শ্রমিক অসন্তোষ নিরসন এবং পোশাকশিল্পের চলমান অস্থিরতা মোকাবিলায় করণীয় নির্ধারণের জন্য এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এবং জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস।
এদিকে ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রোববার সকাল থেকে রাজধানীর মিরপুর, গাজীপুর, সাভার ও আশুলিয়াসহ বিভিন্ন শিল্পাঞ্চলে বিক্ষোভ, সড়ক অবরোধ ও কর্মবিরতি পালন করেন পোশাকশ্রমিকেরা। এসব কর্মসূচিকে কেন্দ্র করে কোথাও কোথাও পুলিশের সঙ্গে সংঘর্ষ, গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। উদ্ভূত পরিস্থিতিতে বিভিন্ন শিল্পাঞ্চলের তিন শতাধিক কারখানায় ছুটি ঘোষণা করা হয়।
এর আগে রোববার সকালে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি পর্যালোচনার জন্য ছয় সদস্যের নতুন মজুরি বোর্ড গঠন করে সরকার। বোর্ডে মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিদের পাশাপাশি একজন নিরপেক্ষ সদস্য রাখা হয়েছে।
You cannot copy content of this page