আগামী মাস থেকে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মালয়েশিয়া সফরের ইতিবাচক ফলাফল দৃশ্যমান হতে শুরু করবে এবং জুলাইয়ের মধ্যেই মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসতে পারে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
বুধবার (২৪ জুন) সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের চলমান বিভিন্ন কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর অত্যন্ত সফল ও ফলপ্রসূ হয়েছে। দুই দেশের শীর্ষ পর্যায়ের আলোচনার মাধ্যমে শ্রমবাজার, জনশক্তি রপ্তানি এবং দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি অর্জিত হয়েছে। মালয়েশিয়া সরকার ও জনগণের আন্তরিক সহযোগিতাও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
তিনি জানান, আগামী মাসের মধ্যে মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফরে আসতে পারেন। তাদের এই সফরের মাধ্যমে চলমান বিভিন্ন বিষয়ে আরও অগ্রগতি হবে এবং জনগণ দৃশ্যমান ফলাফল দেখতে পাবেন।
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সেবার মানোন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, প্রবাসীদের সুবিধা নিশ্চিত করতে বিমানবন্দরে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিশেষ করে বয়োজ্যেষ্ঠ, অসুস্থ ও বিশেষ সহায়তাপ্রার্থী যাত্রীদের জন্য লাগেজ ব্যবস্থাপনা, সহায়ক সেবা এবং প্রাথমিক চিকিৎসা সুবিধা সম্প্রসারণে কাজ চলছে।
তিনি আরও বলেন, প্রবাসীরা যাতে বিমানবন্দরে কোনো ধরনের হয়রানি বা ভোগান্তির শিকার না হন, সে জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এ ছাড়া সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহারকারী বিপুলসংখ্যক প্রবাসীর কথা বিবেচনায় নিয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, রাতের ফ্লাইটে যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিতকরণ এবং শিশুদের জন্য ‘কিডস জোন’ স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী।
তিনি বলেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সমন্বয়ে এসব উদ্যোগ বাস্তবায়ন করা হবে।
You cannot copy content of this page