ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতে আগামী পাঁচ বছরে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। একই সঙ্গে ২০৩১ সালের মধ্যে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) এ খাতের অবদান ৩৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। বাংলাদেশকে উৎপাদনশিল্পের কেন্দ্র ও রপ্তানির প্রবেশদ্বার হিসেবে গড়ে তোলার লক্ষ্যও রয়েছে সরকারের।
রোববার (২২ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রী বলেন, ২০২৯ সালে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ এবং বৈশ্বিক বাণিজ্য পরিস্থিতির চ্যালেঞ্জ বিবেচনায় নিয়ে ‘জাতীয় এসএমই নীতিমালা ২০২৬’-এর খসড়া প্রস্তুত করা হয়েছে। শিগগিরই এটি মন্ত্রিসভার অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।
তিনি আরও বলেন, ২০৩৪ সালের মধ্যে দেশের অর্থনীতির আকার এক ট্রিলিয়ন ডলারে উন্নীত করতে বড় শিল্পের পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে জাতীয় উৎপাদনব্যবস্থা এবং দেশি-বিদেশি মূল্য শৃঙ্খলের সঙ্গে সম্পৃক্ত করতে হবে। এ সময় তরুণদের বছরের পর বছর চাকরির পেছনে না ছুটে নিজেদের উদ্যোক্তা ও কর্মসংস্থান সৃষ্টিকারী হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি।
এসএমই খাতের উন্নয়নে আগামী দিনে ৫০ হাজার উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনার কথাও জানান সরকারপ্রধান। পাশাপাশি এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে একটি জাতীয় সৃজনশীল ও নকশা কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে। ইতিমধ্যে দেশের ১৭৭টি সম্ভাবনাময় শিল্প ক্লাস্টার চিহ্নিত করা হয়েছে, যেগুলোকে ‘এক গ্রাম, এক পণ্য’ এবং সৃজনশীল অর্থনীতি কর্মসূচির আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
আন্তর্জাতিক বাজারে দেশীয় পণ্যের পরিচিতি ও রপ্তানি বাড়াতে সিঙ্গাপুর, লন্ডন ও প্যারিসে সরকারি উদ্যোগে পণ্য মেলা আয়োজনের পরিকল্পনার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, তৈরি পোশাকের পাশাপাশি চামড়াজাত পণ্য, হালকা প্রকৌশল, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, প্লাস্টিক, হস্তশিল্প ও তথ্যপ্রযুক্তি খাতেও দক্ষতা বাড়াতে হবে। এ প্রসঙ্গে দেশের প্রথম গার্মেন্ট শিল্প প্রতিষ্ঠা এবং বিদেশে জনশক্তি রপ্তানির সূচনায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান স্মরণ করেন তিনি।
সম্প্রতি তুরস্কে অনুষ্ঠিত কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের পাটসহ বিভিন্ন পণ্যের প্রতি বিদেশি ক্রেতাদের আগ্রহের বিষয়টিও উল্লেখ করেন তারেক রহমান। দেশীয় পণ্যের আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে সহজ লেনদেন ও ব্যাংকিং সুবিধা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।
এসএমই খাতের প্রধান প্রতিবন্ধকতা হিসেবে মূলধন, প্রযুক্তি ও দক্ষ জনবলের অভাব এবং ঋণপ্রাপ্তির জটিলতার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সহজ শর্তে ঋণ, প্রণোদনা এবং সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগের মাধ্যমে এসব সমস্যা সমাধানে কাজ করবে সরকার।
‘এসএমইতে সমৃদ্ধি, অর্থনীতিতে প্রবৃদ্ধি’ প্রতিপাদ্য নিয়ে শিল্প মন্ত্রণালয় আয়োজিত এবারের মেলায় ৩৮০ জন উদ্যোক্তা অংশ নিয়েছেন। অনুষ্ঠানে আটটি ক্যাটাগরিতে আটজন উদ্যোক্তার হাতে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী।
শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক। স্বাগত বক্তব্য দেন শিল্পসচিব ও এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন আব্দুন নাসের খান।
You cannot copy content of this page