চলতি বছর শারদীয় দুর্গাপূজায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের টানা পাঁচ দিনের ছুটি দেওয়ার চিন্তা করছে সরকার। পূজা উপলক্ষে নির্ধারিত ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি মিলিয়ে এই ছুটি দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।
২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী ২০ অক্টোবর মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি এবং ২১ অক্টোবর বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি রয়েছে। এরপর ২২ অক্টোবর বৃহস্পতিবার অফিস খোলা থাকবে। পরের দুই দিন ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটি রয়েছে।
এই পরিস্থিতিতে ২২ অক্টোবর অতিরিক্ত ছুটি ঘোষণা করার চিন্তা করছে জনপ্রশাসন মন্ত্রণালয়। একদিনের এই ছুটি দেওয়া হলে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা পাঁচ দিনের ছুটি পাবেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিধি অনুবিভাগ) মো. মোস্তফা জামান জানিয়েছেন, দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর নির্বাহী আদেশে অতিরিক্ত ছুটি দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। তবে এ ছুটির পরিবর্তে পরবর্তী কোনো শনিবার কর্মদিবস হিসেবে নির্ধারণ করা হতে পারে।
তিনি জানান, অতিরিক্ত ছুটি দেওয়ার বিষয়ে একটি প্রস্তাব আগামী মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হবে। মন্ত্রিসভায় অনুমোদন পাওয়া গেলে ২২ অক্টোবর ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হবে।
২২ অক্টোবর ছুটি ঘোষণা হলে সরকারি চাকরিজীবীরা ২০, ২১, ২২, ২৩ ও ২৪ অক্টোবর—টানা পাঁচ দিন ছুটি ভোগ করতে পারবেন।
এদিকে চলতি বছর ১০ অক্টোবর মহালয়ার মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। ১৬ অক্টোবর মহাষষ্ঠী, ১৮ অক্টোবর মহাসপ্তমী, ১৯ অক্টোবর মহাষ্টমী, ২০ অক্টোবর মহানবমী এবং ২১ অক্টোবর বিজয়া দশমী পালিত হবে।
You cannot copy content of this page