বাংলাদেশের তেইশতম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন বিএনপির মহাসচিব ও সাবেক স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তৃণমূল রাজনীতি থেকে উঠে আসা এই প্রবীণ রাজনীতিক শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন।
জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল তাকে শপথবাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ কয়েকশ অতিথি উপস্থিত ছিলেন।
শপথ নেওয়ার মধ্য দিয়ে মো. সাহাবুদ্দিনের উত্তরসূরি হিসেবে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্ব নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এর আগে আওয়ামী লীগ সরকারের আমলে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া মো. সাহাবুদ্দিন গত ২৪ জুলাই পদত্যাগ করেন। তার পদত্যাগের প্রায় চার সপ্তাহ পর নতুন রাষ্ট্রপতি পেল বঙ্গভবন।
বৃহস্পতিবার জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।
দীর্ঘ সাড়ে তিন দশকের মধ্যে এবারই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের পর একদিনের মধ্যেই শপথ নিয়ে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করলেন মির্জা ফখরুল।
You cannot copy content of this page