দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১৪ জনের মধ্যে হাম বা এর উপসর্গ শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বৃহস্পতিবার (২৩ জুলাই) প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত একদিনে সিলেট ও রংপুর বিভাগে একজন করে মোট দুই শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৮০৫ জনে দাঁড়িয়েছে।
মোট মৃত্যুর মধ্যে হামের উপসর্গে ৭১০ জন এবং ল্যাবরেটরি পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে আক্রান্ত হয়ে ৯৫ জন মারা গেছেন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ১৬৬ জনের হাম শনাক্ত হয়েছে। একই সময়ে ৮৪৮ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। সব মিলিয়ে গত একদিনে নতুন আক্রান্ত ও উপসর্গ পাওয়া রোগীর সংখ্যা ১ হাজার ১৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ১ লাখ ২১ হাজার ২০০ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। এ সময়ের মধ্যে ১৫ হাজার ৭ জনের হাম পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হয়েছে।
এ ছাড়া, ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে ১ লাখ ৩ হাজার ৮৬৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ১ লাখ ১৮৮ জন হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
You cannot copy content of this page