আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর অভিযান চালাচ্ছে সৌদি আরব। দেশজুড়ে মাত্র এক সপ্তাহের অভিযানে ১১ হাজার ৯৫২ জনকে গ্রেফতার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। একই সময়ে আইনি প্রক্রিয়া শেষে ১১ হাজার ৪১৮ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ৫ থেকে ১১ নভেম্বর পর্যন্ত সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে সরকারি সংস্থাগুলোর সমন্বয়ে যৌথ অভিযান পরিচালিত হয়। এতে গ্রেফতার ব্যক্তিদের মধ্যে ৬ হাজার ১৬৩ জন আবাসন আইন, ৩ হাজার ২২৫ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ২ হাজার ৫৬৪ জন শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে আটক হন।
অভিযান চলাকালে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার সময় ১ হাজার ৬৫৩ জনকে আটক করে সীমান্তরক্ষী ও নিরাপত্তা বাহিনী। এ ছাড়া অবৈধভাবে দেশ ছাড়ার চেষ্টার অভিযোগে গ্রেফতার করা হয় আরও ২৯ জনকে।
শুধু আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধেই নয়, তাদের আশ্রয় দেওয়া, পরিবহন করা কিংবা কাজে নিয়োগের অভিযোগেও ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আরও ১৫ জনকে আইনের আওতায় আনা হয়েছে।
এদিকে গ্রেফতার ও বহিষ্কারের পাশাপাশি আরও বিপুলসংখ্যক অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রয়োজনীয় ভ্রমণ নথি সংগ্রহের জন্য ২২ হাজার ৪৫১ জনকে নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। এ ছাড়া ভ্রমণের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে আরও ৯ হাজার ৮০০ জনকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে ৩৮ হাজার ৩৮৩ জন পুরুষ ও ২ হাজার ৩৭৯ জন নারীসহ মোট ৪০ হাজার ৭৬২ জন অভিবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে অবৈধ অভিবাসীদের সহায়তাকারীদের বিরুদ্ধেও কঠোর সতর্কবার্তা দিয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধভাবে কাউকে দেশে প্রবেশে সহায়তা করা, আইন লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয় দেওয়া কিংবা যেকোনো ধরনের সেবা প্রদান গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হবে।
এসব অপরাধে জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। পাশাপাশি অপরাধে ব্যবহৃত যানবাহন এবং আশ্রয় দেওয়ার কাজে ব্যবহৃত বাড়ি বা সম্পত্তি বাজেয়াপ্ত করার বিধানও রয়েছে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
You cannot copy content of this page