১০ মহররম, পবিত্র আশুরা উপলক্ষে রাজধানী ঢাকায় শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল অনুষ্ঠিত হচ্ছে। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র ইমাম হোসেন (রা.) এবং তাঁর পরিবারের সদস্যদের কারবালায় শাহাদাতের স্মরণে শুক্রবার (২৬ জুন) সকালে পুরান ঢাকার ঐতিহাসিক হোসেনি দালান ইমামবাড়া থেকে মূল তাজিয়া মিছিল বের করা হয়।
সকাল ১০টার কিছুক্ষণ পর শুরু হওয়া এই শোকযাত্রায় কালো পোশাক পরিহিত হাজারো মানুষ অংশ নেন। ‘হায় হোসেন, হায় হোসেন’ ও ‘ইয়া হোসেন’ ধ্বনিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। বুক চাপড়ে মাতম এবং শোক প্রকাশের মধ্য দিয়ে কারবালার বেদনাবিধুর স্মৃতি স্মরণ করেন অংশগ্রহণকারীরা। কেবল কোভিড-১৯ মহামারির সময় স্বাস্থ্যবিধির কারণে এই মিছিল স্থগিত ছিল; তা ছাড়া প্রতিবছরই ঐতিহ্যবাহী এ শোক মিছিল অনুষ্ঠিত হয়ে আসছে।
সকাল থেকেই পুরান ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে নারী, শিশু ও বিভিন্ন বয়সী মানুষ হোসেনি দালান প্রাঙ্গণে জড়ো হন। অনেকের হাতে ছিল কারবালার স্মারকসংবলিত নিশান, আলম, দুলদুল ঘোড়ার প্রতীক, পাঞ্জাসহ বিভিন্ন ধর্মীয় প্রতীক।
হোসেনি দালান থেকে শুরু হওয়া মিছিলটি বকশীবাজার, উর্দু রোড, লালবাগ, আজিমপুর, নীলক্ষেত, নিউমার্কেট, সায়েন্স ল্যাব ও জিগাতলা হয়ে ধানমণ্ডি লেকসংলগ্ন প্রতীকী ‘কারবালা’ প্রাঙ্গণে গিয়ে শেষ হবে। সেখানে প্রতীকী তাজিয়া বিসর্জনের মাধ্যমে দিনের মূল কর্মসূচির সমাপ্তি ঘটবে।
মিছিলে অংশ নেওয়া সৈয়দ রেজা বলেন, “কারবালার ঘটনা আমাদের অন্যায়ের বিরুদ্ধে মাথা নত না করার শিক্ষা দেয়। ‘ইয়া হোসেন, হায় হোসেন’ ধ্বনির মধ্য দিয়ে আমরা সেই আত্মত্যাগের স্মৃতি ধারণ করি।”
আরেক অংশগ্রহণকারী মুহাম্মদ হোসেন রাজ বলেন, “পবিত্র আশুরা শুধু শোকের নয়, সত্য, ন্যায় ও ত্যাগের শিক্ষারও প্রতীক। শুধু শিয়া সম্প্রদায় নয়, সুন্নি মুসলিমদের অনেকেও আমাদের এই শোক মিছিলে অংশ নেন।”
মিছিল শেষে বাদ জুমা হোসেনি দালানে ‘ফাকা শিকানি’ নামে পরিচিত বিশেষ শিরনি বিতরণ করা হবে। এছাড়া সন্ধ্যায় ‘শামে গারিবা’ বা ‘বিপন্ন সন্ধ্যা’ উপলক্ষে বিশেষ মজলিশ অনুষ্ঠিত হবে। এ সময় কারবালার সেই মর্মান্তিক রাতের স্মরণে ইমামবাড়ার সব আলো নিভিয়ে বিশেষ শোকানুষ্ঠানের আয়োজন করা হবে।
হোসেনি দালান ছাড়াও রাজধানীর প্রায় ৩০টি ছোট-বড় ইমামবাড়ায় পবিত্র আশুরা উপলক্ষে দিনব্যাপী তাজিয়া মিছিল, মজলিশ ও বিভিন্ন ধর্মীয় কর্মসূচি পালিত হচ্ছে। এর মধ্যে বড় কাটারা ইমামবাড়া, মোহাম্মদপুরের শিয়া মসজিদসংলগ্ন ইমামবাড়া, পুরানা পল্টন ইমামবাড়া এবং মগবাজার ইমামবাড়া উল্লেখযোগ্য।
তাজিয়া মিছিলকে কেন্দ্র করে পুরান ঢাকা ও ধানমণ্ডি এলাকায় কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মিছিলের সামনে ও পেছনে পুলিশ, র্যাব, সোয়াটসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। পাশাপাশি মিছিলের রুটজুড়ে যান চলাচল নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশও সতর্ক অবস্থানে রয়েছে।
You cannot copy content of this page