প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান ভারতের দিল্লি বিমানবন্দরে ইমিগ্রেশন-সংক্রান্ত জটিলতার মুখে পড়ার পর সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছেন।
রোববার (১৪ জুন) রাতে বাংলাদেশ সরকারের একটি দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। ঘটনাকালে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তারাও বিমানবন্দরে উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রের দাবি, সরকারি সফরে দিল্লি পৌঁছানোর পর বিমানবন্দরের ইমিগ্রেশন বিভাগ তার প্রবেশ প্রক্রিয়ায় কিছু জটিলতা সৃষ্টি করে এবং তাকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। পরে তার পরিচয় ও সফরের উদ্দেশ্য যাচাই শেষে বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে ভারতে প্রবেশের অনুমতি দেয়।
তবে এ সময়ের অভিজ্ঞতায় অসন্তোষ প্রকাশ করে ডা. জাহেদ উর রহমান দিল্লিতে প্রবেশ না করার সিদ্ধান্ত নেন। পরে তিনি ঢাকার উদ্দেশে ফেরার ব্যবস্থা করেন।
এর আগে একটি গণমাধ্যমে তাকে দিল্লিতে ‘আটক’ করা হয়েছে বলে খবর প্রকাশিত হলে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। তবে ওই খবরকে ভিত্তিহীন বলে উল্লেখ করে ডা. জাহেদ উর রহমান বলেন, “আমি আটক নই। সরকারি সফরে দিল্লি এসেছিলাম, এখন ঢাকায় ফিরে যাচ্ছি।”
সরকারি সূত্র জানিয়েছে, বিমানবন্দরে প্রাথমিক জটিলতা কাটিয়ে ওঠার পর ভারতীয় কর্তৃপক্ষ তার প্রবেশের অনুমোদন দেয়। তবে পরিস্থিতির পরিপ্রেক্ষিতে তিনি সফর চালিয়ে না যাওয়ার সিদ্ধান্ত নেন।
এ বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
You cannot copy content of this page