যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের অবরোধের কারণে অর্থনৈতিক চাপ তৈরি হলেও ইরানে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের মজুত আগের বছরগুলোর তুলনায় বেড়েছে বলে জানিয়েছেন দেশটির কৃষিমন্ত্রী গোলামরেজা নুরি।
শনিবার (২১ নভেম্বর) টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, চাল, গমসহ মৌলিক খাদ্যপণ্য এবং পশুখাদ্যের মজুত বর্তমানে আগের বছরগুলোর তুলনায় বেশি। এমনকি সংকটমুক্ত স্বাভাবিক সময়ের তুলনায়ও এসব পণ্যের মজুত বেড়েছে।
কৃষিমন্ত্রী বলেন, প্রয়োজনীয় পণ্যের সরবরাহ অব্যাহত রাখা এবং জাতীয় মজুত শক্তিশালী করতে সরকারের পরিকল্পনা ও বিভিন্ন পদক্ষেপ গ্রহণের ফলে এই পরিস্থিতি তৈরি হয়েছে।
রুটির রেশনিং চালু কিংবা দাম বাড়ানোর বিষয়ে উদ্বেগের কোনো কারণ নেই বলেও জানান তিনি। নুরি বলেন, এখন পর্যন্ত রুটি রেশনিং চালু করা বা এর দাম বাজারের ওপর ছেড়ে দেওয়ার কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। ভর্তুকির আওতাভুক্ত বেকারিগুলোতে ব্যবহৃত গম ও আটার দামও অপরিবর্তিত রয়েছে।
যুদ্ধের প্রভাবে কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা প্রসঙ্গে তিনি বলেন, বিভিন্ন সংকট ও চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও ইরানের অর্থনৈতিক ও উৎপাদন কার্যক্রম সচল রয়েছে।
তিনি আরও জানান, জ্বালানি অবকাঠামো নিয়ে ঝুঁকি ও হুমকি থাকা সত্ত্বেও দেশটির পোলট্রি খাতের উৎপাদকেরা কার্যক্রম অব্যাহত রেখেছেন। এর ফলে মুরগির মাংস উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পাশাপাশি আমদানিকারক থেকে রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে ইরান।
কৃষিমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, দেশটির কৃষি খাতে ২ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। একই সঙ্গে এ খাতে প্রায় ৭০ হাজার কর্মসংস্থান সৃষ্টি হয়েছে বলেও দাবি করেন তিনি।
সূত্র: সংশ্লিষ্ট টেলিভিশন সাক্ষাৎকার।
You cannot copy content of this page