নারায়ণগঞ্জের রূপগঞ্জে দীর্ঘদিন রাজনীতি ও সমাজসেবায় সক্রিয় খন্দকার আল-আমিন সম্প্রতি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
মঙ্গলবার (৩১ মার্চ) সিদ্ধিরগঞ্জের শিমরাইলের আল মুঈদ ফাউন্ডেশনে জেলা জামায়াতে ইসলামীর আমীর মমিনুল হক সরকার তাঁকে এই দায়িত্ব প্রদান করেন।
দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে জেলা জামায়াতের সেক্রেটারি হাফিজুর রহমান, সংস্কৃতি সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল বাকী, কর্ম পরিষদ সদস্য মাওলানা আশরাফুল ইসলাম, মজিবুর রহমান মিয়াজী এবং ফেডারেশনের অন্যান্য নির্বাহী সদস্য উপস্থিত ছিলেন।
ছাত্রজীবন থেকেই খন্দকার আল-আমিন রাজনীতিতে সক্রিয়। ১৯৯৪ সালে ছাত্রশিবিরের সহযোগী হিসেবে রাজনীতিতে যুক্ত হওয়া থেকে থানা সভাপতির দায়িত্ব পর্যন্ত তিনি ধাপে ধাপে নেতৃত্বের অভিজ্ঞতা সঞ্চয় করেছেন। ২০০৮ সালে জামায়াতে ইসলামীর সমর্থক হিসেবে যোগদান করে ২০০৯ সালে রুকন হিসেবে শপথ গ্রহণ করেন।
রাজপথে তাঁর সাহসী ভূমিকার মধ্যে একটি স্মরণীয় ঘটনা হলো ২০০৬ সালের আওয়ামী লীগের লগি বৈঠা, যেখানে হামলার শিকার হয়ে গুরুতর আহত হন। এছাড়া শাপলা চত্ত্বরে আন্দোলন এবং ২০২৪ সালের জুলাই আন্দোলনে সামনের সারিতে নেতৃত্ব দিয়েছেন।
কর্মজীবনে ইসলামী ব্যাংকের বিভিন্ন শাখায় প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি, ইসলামী পাঠাগার ও সমাজ কল্যাণ পরিষদের সভাপতি হিসেবে সুবিধাবঞ্চিত মানুষদের চিকিৎসা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
স্থানীয় মহল ও সহকর্মীদের ধারণা, তাঁর নেতৃত্বে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কার্যক্রম আরও শক্তিশালী ও ফলপ্রসূ হবে।