মৌলভীবাজারের রাজনগরে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের একনিষ্ঠ সমর্থক ইমরান খান আনুষ্ঠানিকভাবে আর্জেন্টিনা শিবিরে যোগ দিয়েছেন। দলবদলের ঘোষণা দিতে তিনি প্রকাশ্যে দুধ দিয়ে গোসল করেন, যা এলাকাজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
শনিবার (৬ জুন) রাজনগর উপজেলায় ব্যতিক্রমী এই ঘটনাটি ঘটে। ২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে ইমরানের এমন সিদ্ধান্তে স্থানীয় আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইমরান খান দীর্ঘদিন ধরে ব্রাজিল ফুটবল দলের কট্টর সমর্থক হিসেবে পরিচিত ছিলেন। বিশেষ করে ব্রাজিল তারকা নেইমারের খেলার প্রতি তার আলাদা দুর্বলতা ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি নিয়মিত ব্রাজিল দলের সমর্থনে বিভিন্ন পোস্ট করতেন।
তবে সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক টুর্নামেন্টে ব্রাজিলের ধারাবাহিক হতাশাজনক পারফরম্যান্সে ক্ষুব্ধ হয়ে নিজের অবস্থান বদলের সিদ্ধান্ত নেন তিনি। শনিবার বিকেলে স্থানীয় একটি উন্মুক্ত স্থানে উপস্থিত সবার সামনে বালতি ভর্তি দুধ দিয়ে গোসল করার পর আনুষ্ঠানিকভাবে আর্জেন্টিনা সমর্থক হিসেবে যোগ দেন ইমরান।
এ সময় তিনি বলেন, “প্রতিবার অনেক আশা নিয়ে ব্রাজিলকে সমর্থন করি, কিন্তু কোপা আমেরিকা কিংবা বিশ্বকাপ—কোথাও কাঙ্ক্ষিত সাফল্য পাচ্ছে না দলটি। ধারাবাহিক ব্যর্থতায় আমি দীর্ঘদিন ধরে হতাশ ছিলাম। সেই হতাশা থেকেই আজ ব্রাজিলের সমর্থন ছেড়ে আর্জেন্টিনা শিবিরে যোগ দিয়েছি।”
এই আয়োজন সম্পর্কে ‘আর্জেন্টিনা ফ্যান গ্রুপ অব মৌলভীবাজার’-এর অন্যতম অ্যাডমিন ফুয়াদ আহমদ মুরাদ বলেন, “আসন্ন ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনা আবারও শিরোপা জয়ের স্বপ্ন দেখছে। এমন সময়ে একজন কট্টর ব্রাজিল সমর্থক আমাদের দলে যোগ দেওয়ায় আমরা আনন্দিত। নতুন সদস্যকে স্বাগত জানাতেই বিশেষ এই আয়োজন করা হয়েছে।”
ঘটনার ভিডিও ও ছবি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অনেকেই বিষয়টিকে ফুটবল সমর্থকদের আবেগ ও প্রতিদ্বন্দ্বিতার ভিন্নধর্মী প্রকাশ হিসেবে দেখছেন।
You cannot copy content of this page