গ্রামের মাঠে একসময় জ্যৈষ্ঠ মাস এলেই দেখা মিলত দেশি খেজুরের। কাঁচা অবস্থায় সবুজ আর পাকলে হলুদ রঙ ধারণ করা এসব খেজুর গাছের চারপাশে ঝুলে থাকত, যা দেখে মনে হতো রসালো ফল বাতাসে দোল খাচ্ছে। পথ দিয়ে হাঁটলে খেজুর পাড়ার ইচ্ছে জাগত কিশোরদের মধ্যে, আর গ্রামজুড়ে চলত খেজুর সংগ্রহের উৎসব।
কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে হারিয়ে যেতে বসেছে সেই দেশি জাতের খেজুর গাছ ও তার ফল।
মাগুরা সদরের বরই গ্রামের কৃষক জামাল উদ্দিন বলেন, একসময় তাদের গ্রামে অসংখ্য খেজুর গাছ ছিল। এসব গাছ থেকে খেজুর সংগ্রহ করে কৃষকরা বাজারে বিক্রি করতেন। তবে এখন মাঠে ঘরবাড়ি তৈরি হওয়ায় গাছ কেটে ফেলায় খেজুর গাছ প্রায় নেই বললেই চলে। তিনি বলেন, দেশি খেজুরের স্বাদ অনেক ভালো এবং এটি অত্যন্ত সুস্বাদু ফল।
সদরের কাপাসহাটি গ্রামের কৃষক জামিল জানান, বর্তমানে হাটবাজারে দেশি খেজুর খুব একটা পাওয়া যায় না। আগে গ্রামের মাঠে অনেক খেজুর গাছ থাকলেও এখন যৌথ পরিবার ভেঙে একক পরিবার গড়ে ওঠায় মানুষ মাঠের ভেতর বাড়ি করছে। এতে খেজুর গাছ ব্যাপকভাবে কেটে ফেলা হচ্ছে।
অন্যদিকে কাটাখালি গ্রামের কৃষক শফিক বলেন, এখন তাদের এলাকায় আর আগের মতো দেশি খেজুর গাছ দেখা যায় না। যেসব গাছ টিকে আছে, সেগুলোতেও আগের মতো ফলন হয় না। ছোটবেলার স্মৃতি মনে করে তিনি জানান, তখন গ্রামজুড়ে খেজুর সংগ্রহ ছিল একটি আনন্দের সময়, যা এখন আর দেখা যায় না।
তিনি আরও বলেন, দেশি খেজুর শিশুদের খুব প্রিয় ছিল এবং এটি গ্রামের একটি ঐতিহ্যও বটে। এই ঐতিহ্য ফিরিয়ে আনতে হলে বেশি বেশি খেজুর গাছ রোপণের ওপর গুরুত্ব দিতে হবে।
You cannot copy content of this page