সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নবম পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে আসন্ন বাজেটে প্রায় ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ রাখার পরিকল্পনা করেছে সরকার। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নতুন বেতন কাঠামোর আওতায় ধাপে ধাপে বেতন বৃদ্ধি কার্যকর করা হবে।
সূত্র অনুযায়ী, প্রথম ধাপে সরকারি চাকরিজীবীদের মূল বেতন ৫০ শতাংশ বৃদ্ধি করা হবে। তবে নতুন পে স্কেল কার্যকর হলে বর্তমান বিশেষ সুবিধা বাতিল করা হবে। এতে সামগ্রিকভাবে বেতন বৃদ্ধির হার দাঁড়াতে পারে প্রায় ৩৫ থেকে ৪০ শতাংশের মধ্যে।
পরিকল্পনা অনুযায়ী, আগামী ১ জুলাই থেকে সরকারি কর্মচারীরা সুপারিশকৃত মূল বেতনের ৫০ শতাংশ সুবিধা পাবেন। পরবর্তী অর্থবছরে বাকি ৫০ শতাংশ কার্যকর করা হবে। এরপরের অর্থবছরে বিভিন্ন ভাতা অন্তর্ভুক্ত করা হবে। সব মিলিয়ে ২০২৮-২৯ অর্থবছরের মধ্যে পূর্ণাঙ্গ বেতন ও ভাতা কাঠামো বাস্তবায়নের লক্ষ্য রয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা, যিনি নাম প্রকাশে অনিচ্ছুক, জানান যে আগামী অর্থবছরের বাজেটের আকার প্রায় ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা হতে পারে।
তিনি আরও জানান, মন্ত্রিপরিষদ বিভাগের সচিবের নেতৃত্বাধীন কমিটির তিন ধাপে বাস্তবায়নের সুপারিশে প্রধানমন্ত্রীর সম্মতি রয়েছে। বাজেট বক্তৃতায় নতুন পে স্কেলের বিস্তারিত ব্যাখ্যা ও আংশিক বাস্তবায়নের যৌক্তিকতা তুলে ধরা হতে পারে।
You cannot copy content of this page