দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার দাম ভরিপ্রতি ৬ হাজার ৫৯০ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানায়, শুক্রবার (২৭ মার্চ) সকাল ১০টা থেকে এ নতুন দাম কার্যকর হয়েছে। স্থানীয় বাজারে তেজাবী (পাকা) সোনার দাম কমায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন দামে ২১ ক্যারেট সোনা ভরিপ্রতি ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা, যা আগের চেয়ে ৬ হাজার ২৯৯ টাকা কম। ১৮ ক্যারেট সোনা ৫ হাজার ৩৬৬ টাকা কমে দাঁড়িয়েছে ১ লাখ ৯২ হাজার ১৬৪ টাকা। আর সনাতন পদ্ধতির সোনার দাম ৪ হাজার ৪৩২ টাকা কমে হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৪৭৩ টাকা।
এর আগে ২৫ মার্চও ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা কমানো হয়। সব মিলিয়ে টানা সাত দফায় ভালো মানের সোনার দাম মোট ৩৫ হাজার ৫৭৫ টাকা কমেছে।
সর্বশেষ সমন্বয়ের আগে ২২ ক্যারেট সোনার দাম ছিল ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা। ২১ ক্যারেট ২ লাখ ৩০ হাজার ৪৮১ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৯৭ হাজার ৫৩০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৬০ হাজার ৯০৫ টাকায় বিক্রি হচ্ছিল।
অন্যদিকে, সোনার দাম কমলেও রুপার দামে কোনো পরিবর্তন হয়নি। ২২ ক্যারেট রুপা ভরিপ্রতি ৫ হাজার ৩৬৫ টাকা, ২১ ক্যারেট ৫ হাজার ১৩২ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৪৩২ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৩২৪ টাকায় অপরিবর্তিত রয়েছে।