রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে গিয়ে নিহতের সংখ্যা বেড়ে ২৩ জনে দাঁড়িয়েছে। বুধবার (২৫ মার্চ) বিকেলে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় বৃহস্পতিবার সকাল পর্যন্ত উদ্ধার অভিযানে আরও কয়েকজনের মরদেহ উদ্ধার করা হয়।
বিকেল সোয়া ৫টার দিকে ‘সৌহার্দ্য পরিবহন’-এর একটি বাস ৩ নম্বর পন্টুনে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে তলিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, পন্টুনে জোরালো ঝাঁকুনির কারণে চালক নিয়ন্ত্রণ হারান।
ঘটনার পর স্থানীয়রা, ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশ উদ্ধার অভিযান শুরু করে। রাতে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ বাসটি তুলে আনে। এ সময় বাসের ভেতর থেকে প্রথমে ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়, পরে আরও ৭ জনের মরদেহ পাওয়া যায়।
বাসটিতে প্রায় ৪০-৫০ জন যাত্রী ছিলেন। অন্তত ১৭ জন জীবিত উদ্ধার হয়েছেন, তবে এখনও কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
জেলা প্রশাসন জানিয়েছে, নিহতদের পরিবারকে ২৫ হাজার টাকা করে সহায়তা দেওয়া হচ্ছে এবং দুর্ঘটনার কারণ জানতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়