প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৯, ২০২৬, ৯:১৪ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৬, ২০২৬, ২:৫২ পি.এম
বিশ্বকাপের আগে ইরান–যুক্তরাষ্ট্র ভিসা সংকট নিয়ে নতুন উত্তেজনা, ফিফার হস্তক্ষেপের দাবি
২০২৬ ফিফা বিশ্বকাপ শুরুর কয়েক দিন আগে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে কূটনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে। ইরান জাতীয় ফুটবল দলের গুরুত্বপূর্ণ কর্মকর্তা ও স্টাফদের একটি বড় অংশকে ভিসা না দেওয়ায় মার্কিন প্রশাসনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে তেহরান।
ইরানি ফুটবল ফেডারেশনের অভিযোগ, দলের প্রশাসনিক, কারিগরি ও ব্যবস্থাপনা পর্যায়ের একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তিকে যুক্তরাষ্ট্র ভিসা দেয়নি, যা তারা রাজনৈতিক ও বৈষম্যমূলক সিদ্ধান্ত হিসেবে অভিহিত করেছে।
এর আগে ইরানি ফুটবল দল তুরস্কের আন্টালিয়ায় অনুশীলন ক্যাম্পে ছিল এবং মেক্সিকোর উদ্দেশে রওনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। শেষ মুহূর্তে কয়েকজন কর্মকর্তা ভিসা পেলেও উল্লেখযোগ্য সংখ্যক গুরুত্বপূর্ণ স্টাফ এখনো অনুমোদন পাননি বলে দাবি করা হচ্ছে।
তুরস্কে নিযুক্ত মার্কিন দূত টম ব্যারাক সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ জানান, ইরান দলের ভিসা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং দূতাবাসের কর্মকর্তাদের তিনি ধন্যবাদ জানান। তবে এই বক্তব্যের পর তুরস্কে অবস্থিত ইরানি দূতাবাস পাল্টা প্রতিক্রিয়ায় জানায়, “দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক কর্মকর্তা ও স্টাফকে ইচ্ছাকৃতভাবে ভিসা দেওয়া হয়নি।”
ভিসা না পাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজ, পরিচালক মেহেদি খারাতি, সাধারণ সম্পাদক হেদায়েত মোম্বিনি এবং মিডিয়া ডিরেক্টর মহসেন মোতামেদকিয়া।
ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ‘তাসনিম’ জানায়, ভিসা না পাওয়া কর্মকর্তারা আপাতত দলের সঙ্গে মেক্সিকোতে যাচ্ছেন এবং একই সঙ্গে ভিসা পাওয়ার প্রচেষ্টা চলমান থাকবে।
ইরান ফুটবল ফেডারেশন এই ঘটনাকে আন্তর্জাতিক ক্রীড়া নীতির পরিপন্থী বলে দাবি করে বিষয়টি ফিফার কাছে উত্থাপনের ঘোষণা দিয়েছে। তাদের মতে, জাতীয় দলের প্রয়োজনীয় ম্যানেজমেন্ট ও টেকনিক্যাল স্টাফকে ভিসা না দেওয়া খেলাধুলার নিরপেক্ষতার পরিপন্থী।
এদিকে ফিফার পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।
রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই ইরান দল তাদের বিশ্বকাপ প্রস্তুতি ক্যাম্প মেক্সিকোর তিজুয়ানায় স্থানান্তর করেছে। সূচি অনুযায়ী, দলটি ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে। এরপর ২১ জুন বেলজিয়াম এবং ২৬ জুন সিয়াটলে মিশরের বিপক্ষে খেলবে তারা।
এর আগে প্রস্তুতি ম্যাচে গাম্বিয়া ও মালিকে হারিয়ে ভালো ফর্মে ছিল ইরান দল। তবে মাঠের পারফরম্যান্সের বাইরে এখন ভিসা জটিলতা ও কূটনৈতিক উত্তেজনা বড় সংকট হিসেবে দেখা দিয়েছে।