মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের পূর্বনির্ধারিত ঢাকা সফর স্থগিত করা হয়েছে। দেশটির অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা।
শনিবার (২৮ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা সফর স্থগিতের বিষয়টি নিশ্চিত করেন। তারা জানান, শুধু বাংলাদেশ সফর নয়, আনোয়ার ইব্রাহিমের নির্ধারিত থাইল্যান্ড সফরও স্থগিত করা হয়েছে। ঢাকা সফর শেষে তার থাইল্যান্ড যাওয়ার কথা ছিল।
পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ৭ ডিসেম্বর দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় আসার কথা ছিল মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর। এ সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেওয়ার কথা ছিল তার।
বৈঠকে অভিবাসী কর্মী নিয়োগ ও তাদের কল্যাণ, দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি এবং প্রতিরক্ষা সহযোগিতাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হওয়ার কথা ছিল।
উল্লেখ্য, গত ২২ নভেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফরের তারিখ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছিল। তবে পরবর্তী সময়ে মালয়েশিয়ার অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির কারণে সফরটি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।
You cannot copy content of this page