কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার আদ্রা দক্ষিণ ইউনিয়নের পুজকরা গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী শাহীন ইসলাম গং। বৃহস্পতিবার দুপুরে গ্রামটিতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বেছু মিয়া, শাহীন ইসলাম, দেলোয়ার হোসেন ও প্রতিবেশী আব্দুল্লাহ আল নোমান। তারা অভিযোগ করেন, সম্প্রতি তাদের বিরুদ্ধে যে সংবাদ প্রচারিত হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। দীর্ঘদিন ধরে প্রতিপক্ষের সঙ্গে জমি নিয়ে বিরোধ চললেও বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে।
তাদের দাবি, গ্রামবাসী একাধিকবার সমাধানের উদ্যোগ নিলেও প্রতিপক্ষ তা মানেনি। এমনকি তারা তাদের বিরুদ্ধে অপপ্রচার চালানোর পাশাপাশি পরিবারের সদস্যদের ওপর হামলা, চলাচলের রাস্তা বন্ধ এবং একাধিক মামলা দায়ের করেছে। তারা বলেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে যদি প্রতিপক্ষ জমির অধিকার প্রমাণ করতে পারে, তবে তারা জমি ছেড়ে দিতে প্রস্তুত। একই সঙ্গে প্রশাসনের কাছে ন্যায়বিচার দাবি করেন তারা।

এ বিষয়ে নাঙ্গলকোট থানার উপপরিদর্শক আশরাফুল ইসলাম জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করে উভয় পক্ষকে সমঝোতার পরামর্শ দিয়েছেন, তবে তারা এতে রাজি হননি।
প্রতিপক্ষ মাইন উদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি পরে কথা বলবেন বলে ফোন কেটে দেন।
এদিকে আদ্রা দক্ষিণ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড সদস্য আব্দুল্লাহ জানান, গ্রামবাসী বিষয়টি আগে মীমাংসা করলেও পরবর্তীতে কেন আবার বিরোধ তৈরি হয়েছে, তা স্পষ্ট নয়।