আনুষ্ঠানিকভাবে ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু করেছে সৌদি আরবের নতুন জাতীয় বিমান সংস্থা ‘রিয়াদ এয়ার’।
শনিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ৬টায় রিয়াদ থেকে আসা রিয়াদ এয়ারের প্রথম বাণিজ্যিক ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে ওয়াটার স্যালুটের মাধ্যমে ফ্লাইটটিকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন রাগীব সামাদ এবং রিয়াদ এয়ারের চিফ কমার্শিয়াল অফিসার ভিন্সেন্ট কোস্টা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সৌদি আরবকে বিশ্বের প্রধান শহরগুলোর সঙ্গে যুক্ত করা এবং যাত্রীদের জন্য বিশ্বমানের ভ্রমণ অভিজ্ঞতা নিশ্চিত করাই রিয়াদ এয়ারের অন্যতম লক্ষ্য। নতুন এই সার্ভিসের মাধ্যমে ঢাকা ও রিয়াদের মধ্যে সরাসরি আকাশ যোগাযোগ আরও শক্তিশালী হবে।
তারা বলেন, বাণিজ্য ও অবকাশ—উভয় ক্ষেত্রেই দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান যাত্রী চাহিদা পূরণে ঢাকা-রিয়াদ রুটটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
রিয়াদ এয়ারের নতুন বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার দিয়ে ঢাকা ও রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যে প্রতিদিন সরাসরি ফ্লাইট পরিচালনা করা হবে।
স্থানীয় সময় অনুযায়ী, রিয়াদ থেকে ফ্লাইট ছাড়বে রাত ৯টা ২০ মিনিটে এবং ঢাকায় পৌঁছাবে পরদিন সকাল ৬টা ১০ মিনিটে।
অন্যদিকে ঢাকা থেকে ফ্লাইট ছাড়বে সকাল ৭টা ৪০ মিনিটে এবং রিয়াদে পৌঁছাবে সকাল ১০টা ৫৫ মিনিটে।
You cannot copy content of this page