চট্টগ্রামে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ১১টার দিকে বাড়িটির নিচতলার একটি অংশে আগুন লাগে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে সেখানে আগুন জ্বলতে দেখা যায়। এক পথচারী রিকশায় যাওয়ার সময় ভিডিওটি ধারণ করেন।
অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী। তিনি জানান, ড. মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িটি পুলিশি পাহারায় ছিল। সেখানে পুলিশের তিন সদস্য দায়িত্ব পালন করছিলেন। তবে দায়িত্বে থাকা সদস্যরা আগুন লাগার বিষয়টি তাৎক্ষণিকভাবে খেয়াল করতে পারেননি।
ক্ষয়ক্ষতির বিষয়ে সিএমপি কমিশনার বলেন, আগুন লাগা অংশটি পরিত্যক্ত ছিল। সেখানে কিছু ভাঙা চেয়ার ও টেবিল রাখা ছিল। পুলিশের সদস্যরাই আগুন নেভাতে সক্ষম হন। এ কারণে ফায়ার সার্ভিসকে খবর দেওয়ার প্রয়োজন হয়নি।
কারা আগুন লাগিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে পুলিশ কমিশনার জানান, পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন এবং আশপাশের এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করছেন। তদন্ত শেষে অগ্নিকাণ্ডের কারণ ও এর সঙ্গে জড়িতদের বিষয়ে বিস্তারিত জানা যাবে।
You cannot copy content of this page