রোববার দুপুরে সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদ, সুনামগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ। এ সময় জেলা প্রশাসককে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান তারা।
বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি পরিমল তালুকদার, সাধারণ সম্পাদক কুশল রাজ পাল ও যুগ্ম সাধারণ সম্পাদক অমর চক্রবর্তীর নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে এ সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তারা জেলা প্রশাসকের সঙ্গে কুশল বিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক শিবু পোদ্দার, সদস্য চন্দন কুমার দাসসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সৌজন্য সাক্ষাতে জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান সংগঠনের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান। তিনি বলেন, বাংলাদেশের অন্যান্য জেলার মধ্যে সুনামগঞ্জ সম্প্রীতির একটি উজ্জ্বল নিদর্শন। এ জেলায় বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে দীর্ঘদিনের যে ভ্রাতৃত্বের বন্ধন রয়েছে, তা ভবিষ্যতেও অটুট থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদের যেকোনো কার্যক্রমে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।
You cannot copy content of this page