সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি আকাশচুম্বী ভবনে হামলার ঘটনায় অন্তত ১১ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) শহরটির আর্থিক জেলার একটি টাওয়ারে ইয়েমেনের হুথি যোদ্ধারা হামলা চালিয়েছে বলে জানিয়েছে দেশটির সিভিল ডিফেন্স।
সৌদি রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) প্রতিবেদনে বলা হয়েছে, রিয়াদের আর্থিক জেলার একটি টাওয়ারকে লক্ষ্যবস্তু করে হামলা চালায় হুথি গোষ্ঠী। ঘটনার পরপরই জরুরি সেবা বিভাগের কর্মীরা সেখানে উদ্ধার ও প্রয়োজনীয় তৎপরতা শুরু করেন। এ ঘটনায় অন্তত ১১ জন আহত হয়েছেন।
হামলার তথ্য নিশ্চিত করেছে ইয়েমেনের হুথিদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোটও। জোটের পক্ষ থেকে জানানো হয়েছে, রিয়াদের আর্থিক জেলার ওই আকাশচুম্বী ভবনে হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় কর্তৃপক্ষ পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে। তবে হামলার বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
ইয়েমেনের রাজধানী সানাসহ দেশটির পশ্চিমাঞ্চলের অধিকাংশ এলাকা নিয়ন্ত্রণ করছে ইরান-সমর্থিত হুথি গোষ্ঠী। গত জুলাই থেকে সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দর ও তেল অবকাঠামো লক্ষ্য করে নিয়মিত হামলা চালিয়ে আসছে সংগঠনটি। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধের পরোক্ষ প্রভাবে ইয়েমেনের দীর্ঘদিনের স্থবির গৃহযুদ্ধ নতুন করে সক্রিয় হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিকে স্থল অভিযানেও অগ্রগতি অর্জন করেছে হুথি যোদ্ধারা। সৌদি সমর্থিত এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের কাছ থেকে বিস্তীর্ণ এলাকা দখলে নেওয়ায় চলতি মাসে দেশটির বিভিন্ন অঞ্চল থেকে পিছু হটতে বাধ্য হয়েছে সরকার।
এর আগে চলতি মাসেই রিয়াদের সবচেয়ে উঁচু আকাশচুম্বী ভবন এবং সৌদি সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তরে হামলা চালানোর অভিযোগ ওঠে হুথিদের বিরুদ্ধে। ওই ঘটনায় অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হলেও কেউ হতাহত হননি। এ ছাড়া গত ৮ নভেম্বর সৌদি রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর রিয়াদস্থ একটি ভবনেও হামলা চালিয়েছিল গোষ্ঠীটি।
সূত্র: এএফপি, সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)
You cannot copy content of this page