বিশ বছরেরও বেশি সময় পর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের (ইউএনজিএ-৮১) অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছানোর কথা রয়েছে তাঁর।
প্রধানমন্ত্রীর নয় দিনের এই সফরকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের যুক্তরাষ্ট্রের ভিসা সংগ্রহের প্রক্রিয়া চলছে। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসে একটি নোট ভার্বাল পাঠিয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।
কর্মকর্তারা জানান, সরকারপ্রধান হিসেবে এবারই প্রথম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অধিবেশনে অংশ নেওয়ার পাশাপাশি সাইডলাইনে বিভিন্ন গুরুত্বপূর্ণ আয়োজনেও তাঁর যোগ দেওয়ার কথা রয়েছে।
এর আগে ২০০৬ সালে সর্বশেষ যুক্তরাষ্ট্র সফর করেছিলেন তারেক রহমান। দীর্ঘ বিরতির পর এবারের সফরকে স্মরণীয় করে তুলতে নিউইয়র্কে বড় ধরনের নাগরিক সংবর্ধনার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গেছে।
এদিকে, প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দিতে যুক্তরাষ্ট্র বিএনপির নেতৃবৃন্দ ইতোমধ্যে ভার্চুয়াল প্রস্তুতি সভা করেছেন। বিভিন্ন অঙ্গরাজ্য থেকে দলটির নেতাকর্মীরা নিউইয়র্কে জড়ো হওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
You cannot copy content of this page