প্রাণিসম্পদ খাতের উৎপাদন বৃদ্ধি, রপ্তানির সম্ভাবনা কাজে লাগানো এবং এ খাতের উন্নয়নে জনসচেতনতা তৈরির লক্ষ্য নিয়ে আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) শুরু হচ্ছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬। ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত সারা দেশে চলবে এ আয়োজন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় রাজধানীর শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্যমেলার মাঠে সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উপলক্ষে সেখানে তিন দিনব্যাপী প্রাণিসম্পদ মেলা ও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। মেলায় থাকবে ৬৪টি স্টল ও ছয়টি প্যাভিলিয়ন। কেন্দ্রীয় আয়োজনের পাশাপাশি দেশের ৬৪টি জেলা ও উপজেলা পর্যায়েও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সপ্তাহটি উদযাপন করা হবে।
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁর বাণীতে প্রাণিসম্পদ খাতকে গ্রামীণ অর্থনীতি, কর্মসংস্থান, দারিদ্র্য বিমোচন ও পুষ্টি নিরাপত্তার অন্যতম ভিত্তি হিসেবে উল্লেখ করেছেন।
রাষ্ট্রপতি বলেন, দেশের মোট প্রাণিজ আমিষের প্রায় ৫৬ শতাংশ আসে গবাদিপশু ও পোলট্রি খাত থেকে। দুধ, ডিম ও মাংসের চাহিদা পূরণের পাশাপাশি নারী ও তরুণদের কর্মসংস্থান সৃষ্টি এবং উদ্যোক্তা তৈরিতেও এ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তিনি আরও বলেন, নিরাপদ খাদ্য উৎপাদন, জনস্বাস্থ্য সুরক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় প্রাণিসম্পদ খাতের উন্নয়ন জরুরি। এ জন্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি দেশীয় জাত সংরক্ষণ, উন্নত প্রজনন প্রযুক্তির ব্যবহার, মানসম্মত খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ এবং আধুনিক প্রাণিস্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে প্রাণিজ পণ্যের মানোন্নয়ন, প্রক্রিয়াজাতকরণ ও রপ্তানি সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর বাণীতে বলেন, আধুনিক খামার ব্যবস্থাপনা, টিকা উৎপাদন, খামারিদের প্রশিক্ষণ, গবেষণা এবং উৎপাদন বৃদ্ধির উদ্যোগ যথাযথভাবে বাস্তবায়ন করা গেলে প্রাণিসম্পদ খাতে দেশ আরও স্বনির্ভর হয়ে উঠবে। পাশাপাশি আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রাণিজ পণ্য রপ্তানির সুযোগও বাড়বে।
প্রধানমন্ত্রী বলেন, স্বল্প মেয়াদে চামড়াজাত পণ্য, পশুজাত উপজাত ও অনুমোদিত প্রক্রিয়াজাত পণ্য রপ্তানি সম্প্রসারণের সুযোগ রয়েছে। বাংলাদেশ প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে হ্যাচিং এগ বা বাচ্চা উৎপাদনক্ষম উর্বর ডিম রপ্তানি করেছে। দীর্ঘ মেয়াদে আন্তর্জাতিক মানসম্পন্ন হালাল মাংস, দুগ্ধজাত ও পোলট্রি পণ্য রপ্তানিরও ব্যাপক সম্ভাবনা রয়েছে। এ ছাড়া আন্তর্জাতিক বাজারে বিভিন্ন অপ্রচলিত প্রাণিজ পণ্য রপ্তানির সুযোগ কাজে লাগানোর ওপরও গুরুত্ব দেন তিনি।
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে এ খাতে অবদানের স্বীকৃতি হিসেবে পদক প্রদান, শোভাযাত্রা, আলোচনা সভা, সেমিনার ও কর্মশালার আয়োজন করা হয়েছে। পাশাপাশি জনসচেতনতামূলক কার্যক্রম, রেসিপি প্রতিযোগিতা এবং প্রাণিসম্পদবিষয়ক বিভিন্ন প্রদর্শনীর মধ্য দিয়ে সপ্তাহটি উদযাপন করা হবে।
You cannot copy content of this page