মৌলভীবাজারের জুড়ীতে থানার দায়িত্ব পালন শেষে বাসায় ফেরার পথে এক নারী পুলিশ কনস্টেবলকে মুখ চেপে ধরে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলা সদরের হরিরামপুর এলাকায় পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের কাছে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ওই নারী কনস্টেবল জুড়ী থানায় কর্মরত। তাঁর স্বামীও একই থানায় কনস্টেবল হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁরা পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের কাছের একটি বাসায় ভাড়া থাকেন।
নারী কনস্টেবলের স্বামী জানান, দায়িত্ব শেষে তাঁর স্ত্রী প্রায়ই হেঁটে একা বাসায় ফেরেন। মঙ্গলবার রাতেও থানা থেকে বাসায় ফেরার পথে তিনি পুলিশের পোশাকে ছিলেন না। পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের কাছে নির্জন স্থানে পৌঁছালে পেছন থেকে এক তরুণ তাঁর মুখ চেপে ধরেন। পরে তাঁকে জোর করে সড়কের পাশের একটি ফাঁকা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় কাছেই একটি মোটরসাইকেলে আরেক তরুণ অপেক্ষা করছিলেন।
তাঁর স্ত্রী চিৎকার শুরু করলে দুই তরুণ মোটরসাইকেল নিয়ে দ্রুত রেলস্টেশনের দিকে চলে যান। দুর্বৃত্তরা তাঁর স্ত্রীর কাছ থেকে কোনো কিছু ছিনিয়ে নেয়নি বলেও জানান তিনি। এ ঘটনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
ঘটনাস্থলের কাছেই স্থানীয় বিএনপি নেতা এমদাদুল হকের বাড়ি। তিনি জানান, হঠাৎ চিৎকার শুনে তিনি ও তাঁর স্ত্রীসহ আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে যান। প্রতিবেশী হওয়ায় তাঁরা ওই নারী পুলিশ সদস্যকে চিনতে পারেন। পরে থানার অন্য কর্মকর্তারাও ঘটনাস্থলে আসেন।
জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলটি অন্ধকার ছিল। আশপাশের বিভিন্ন সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে একটি ফুটেজে মোটরসাইকেলে থাকা দুই তরুণের গতিবিধি দেখা গেছে। নারী পুলিশ সদস্য হেঁটে যাওয়ার সময় তাঁদের একজন পেছনে পেছনে এগিয়ে যান। এর কিছুক্ষণ পর আশপাশের লোকজনকে ঘটনাস্থলের দিকে দৌড়ে যেতে দেখা যায়।
ওসি আরও বলেন, প্রাথমিকভাবে ঘটনাটিকে ছিনতাইয়ের চেষ্টা বলে ধারণা করা হচ্ছে। জড়িত দুই তরুণকে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।
You cannot copy content of this page