ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনি ব্যয়ের হিসাব নির্ধারিত সময়ের মধ্যে জমা না দেওয়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ সাতটি রাজনৈতিক দলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (২৫ জুন) নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মনির হোসেন স্বাক্ষরিত পৃথক চিঠির মাধ্যমে সংশ্লিষ্ট সাতটি দলকে এ নোটিশ পাঠানো হয়।
চিঠিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে প্রার্থী মনোনয়ন দেওয়া রাজনৈতিক দলগুলোর জন্য গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ৪৪গগগ (১) অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন শেষ হওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচনি ব্যয়ের নিরীক্ষিত বিবরণী নির্বাচন কমিশনে জমা দেওয়া বাধ্যতামূলক।
ইসি জানায়, নির্ধারিত সময়ের মধ্যে ব্যয়ের হিসাব জমা না দেওয়ায় গত ১৬ মার্চ চিঠি দিয়ে ১৩ মে’র মধ্যে তা দাখিলের অনুরোধ করা হয়। পরবর্তীতে ১৯ মে সতর্কীকরণ নোটিশ দিয়ে ১৩ জুনের মধ্যে ব্যয়ের হিসাব জমা দিতে বলা হলেও সংশ্লিষ্ট দলগুলো তা জমা দেয়নি।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, আরপিও’র ৪৪গগগ (৫) অনুচ্ছেদ অনুযায়ী নির্ধারিত সময়ে ব্যয়ের হিসাব দাখিলে ব্যর্থ হলে নির্বাচন কমিশন ১০ হাজার টাকা জরিমানা সাপেক্ষে অতিরিক্ত সময় দিতে পারে। এরপরও হিসাব জমা না দিলে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের নিবন্ধন বাতিলের উদ্যোগ নেওয়ার বিধান রয়েছে।
এ অবস্থায় নির্বাচনি ব্যয়ের হিসাব জমা না দেওয়ার বিষয়ে ১০ হাজার টাকা জরিমানাসহ হিসাব দাখিলের নির্দেশ কেন দেওয়া হবে না, সে বিষয়ে অনতিবিলম্বে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিবের কাছে লিখিত জবাব দিতে সংশ্লিষ্ট দলগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।
You cannot copy content of this page