ইন্দোনেশিয়ার পশ্চিম জাভার একটি ক্যান্ডি উৎপাদনকারী কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। পাশাপাশি আগুন লাগার পর থেকে কারখানাটির ৩৬ কর্মীর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
শনিবার (২১ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় বানতেন প্রদেশের সেরাং জেলার চিকান্দে শহরে অবস্থিত কারখানাটিতে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ এবং হতাহতদের উদ্ধারে কাজ শুরু করেন।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, আগুন থেকে প্রাণে বেঁচে ফিরেছেন ১৫ জন। তাদের মধ্যে চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার সকালেও কারখানার বিভিন্ন স্থানে আগুনের উত্তাপ ও ধিকিধিকি শিখা থাকায় দমকলকর্মীরা আগুন পুরোপুরি নেভানো এবং ভবনটি ঠান্ডা করার কাজ চালিয়ে যাচ্ছিলেন। একই সঙ্গে নিখোঁজ ৩৬ কর্মীর সন্ধানে ক্ষতিগ্রস্ত ভবনের বিভিন্ন অংশে নিবিড় তল্লাশি চালাচ্ছেন উদ্ধারকর্মীরা।
তবে কারখানাটিতে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে স্থানীয় কর্তৃপক্ষের পক্ষ থেকেও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
You cannot copy content of this page