1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

জ্বালানি তেল মজুত ঠেকাতে ডিপোতে বিজিবি মোতায়েন

মিডিয়া ডেস্ক
  • Update Time : শনিবার, ২৮ মার্চ, ২০২৬

জ্বালানি তেল মজুত প্রতিরোধ, বিপণনে শৃঙ্খলা বজায় রাখা এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে দেশের বিভিন্ন জেলার ডিপোগুলোতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

শনিবার (২৮ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজিবি সদর দপ্তর। এতে বলা হয়, মধ্যপ্রাচ্যের চলমান সংকটের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ায় দেশে অবৈধভাবে তেল মজুতের প্রবণতা দেখা দিয়েছে। এ অবস্থায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়-এর নির্দেশে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৫ মার্চ থেকে দেশের ৯টি জেলার ১৯টি ডিপোতে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন। এর মধ্যে ঢাকা, কুড়িগ্রাম, রংপুর, রাজশাহী, সিলেট, মৌলভীবাজার, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও সুনামগঞ্জ জেলার ডিপোগুলো অন্তর্ভুক্ত।

ডিপোর নিরাপত্তা জোরদারে বিজিবি সদর দপ্তরের তত্ত্বাবধানে সুপরিকল্পিতভাবে মোতায়েন কার্যক্রম পরিচালিত হচ্ছে। দূরবর্তী এলাকায় দায়িত্ব পালনের সুবিধার্থে নিরাপদ স্থানে অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে, যেখান থেকে কর্মকর্তার নেতৃত্বে সদস্যরা নিয়মিত তদারকি করছেন।

বিজিবি সদস্যরা গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, অবৈধ জ্বালানি মজুত ও বিক্রয় প্রতিরোধ এবং সম্ভাব্য নাশকতা মোকাবিলায় তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছেন। পাশাপাশি ডিপো কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে দ্রুত তথ্য আদান-প্রদান নিশ্চিত করা হচ্ছে।

এছাড়া সীমান্ত এলাকায় জ্বালানি তেল পাচার রোধে অতিরিক্ত টহল, নৌ টহল, চেকপোস্ট স্থাপন ও তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে। আইসিপি ও এলসিপিগুলোতেও নজরদারি বাড়ানোর পাশাপাশি আমদানি-রপ্তানিতে ব্যবহৃত যানবাহনে নিয়মিত তল্লাশি চালানো হচ্ছে।

বিজিবি জানায়, ডিপো এলাকায় তাদের দৃশ্যমান উপস্থিতি জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা এবং জনমনে আস্থা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখছে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!