ভারি বৃষ্টিতে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় সোমবার (১৩ জুলাই) অনুষ্ঠিতব্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের ক্লাস কার্যক্রম স্বাভাবিক থাকবে।
রোববার (১২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক হিমাদ্রি শেখর চক্রবর্তী স্বাক্ষরিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থগিত হওয়া পরীক্ষাগুলোর নতুন সময়সূচি সংশ্লিষ্ট বিভাগ বা ইনস্টিটিউটের প্রস্তাবের ভিত্তিতে পরে ঘোষণা করা হবে।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুজাদ্দেদী আলফেছানী জানান, দিনের ভারি বৃষ্টির কারণে ক্যাম্পাসে জলাবদ্ধতা তৈরি হয়েছে। এছাড়া বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব হল এবং কুয়েত-মৈত্রী হলে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়ায় শিক্ষার্থীদের সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোমবারের সব পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ক্লাস যথারীতি চলবে।
তিনি আরও জানান, এই সিদ্ধান্ত শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের পরীক্ষার ক্ষেত্রে প্রযোজ্য। বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ ও ইনস্টিটিউটগুলোর পরীক্ষা এ সিদ্ধান্তের আওতাভুক্ত নয়। সেসব প্রতিষ্ঠানে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এর আগে রোববারও জলাবদ্ধতার কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০২১–২২ শিক্ষাবর্ষের একটি পরীক্ষা স্থগিত করা হয়। একই সঙ্গে কয়েকটি বিভাগের ক্লাসও বাতিল করা হয়েছিল।
You cannot copy content of this page