মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি অস্থিরতার মধ্যেই এলএনজি, এলপিজি ও গ্যাস অয়েলবাহী আরও চারটি জাহাজ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ-এ পৌঁছেছে। সোমবার (৬ এপ্রিল) বন্দর কর্তৃপক্ষের মেরিন বিভাগের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
বন্দর সূত্রে জানা যায়, ভারত, মালয়েশিয়া, নাইজেরিয়া ও চীন থেকে আসা এসব জাহাজ ইতোমধ্যে বন্দরে নোঙর করেছে এবং পণ্য খালাস কার্যক্রম চলছে।
এর মধ্যে ‘গ্যাস চ্যালেঞ্জার’ জাহাজটি ভারত থেকে এলপিজি নিয়ে ৩১ মার্চ বন্দরে পৌঁছে বর্তমানে ভাটিয়ারি এলাকায় অবস্থান করছে। মালয়েশিয়া থেকে গ্যাস অয়েলবাহী ‘শান গ্যাং ফা শিয়ান’ ৩ এপ্রিল বন্দরে এসে ডিওজে-৬ জেটিতে রয়েছে, যার খালাস ৭ এপ্রিলের মধ্যে শেষ হওয়ার কথা।
নাইজেরিয়া থেকে এলএনজি নিয়ে আসা ‘কুল ভয়েজার’ ৫ এপ্রিল বন্দরে এসে বর্তমানে এফএসআরইউ-তে অবস্থান করছে; এর কার্যক্রম ৮ এপ্রিলের মধ্যে শেষ হতে পারে। একই দিনে চীন থেকে এলপিজি আনা ‘গ্যাস জার্নি’ জাহাজটিও বন্দরে ভিড়েছে, যা চার্লি এলাকায় অবস্থান করছে এবং ৮ এপ্রিলের মধ্যে খালাস শেষের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, দেশে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা ও বিদ্যুৎ উৎপাদন সচল রাখতে দ্রুত পণ্য খালাসে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। সংশ্লিষ্টদের আশা, নির্ধারিত সময়ের মধ্যেই সব জাহাজের খালাস শেষ হলে জ্বালানি সংকট কিছুটা কমবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়