নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে মজুদকৃত বিপুল পরিমাণ ডিজেল জব্দ করা হয়েছে। এ সময় জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়।
শুক্রবার (৯ এপ্রিল) সন্ধ্যায় গোদনাইল বার্মাস্ট্যান্ডের পদ্মা ডিপো সংলগ্ন এলাকায় নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম ফয়েজউদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে মোঃ জসিম (৩৮) ও মোহাম্মদ হোসেন ভূঁইয়া (৩০) নামে দুইজনকে আটক করা হয়। এসময় অবৈধভাবে মজুদকৃত আনুমানিক ১৩ হাজার ৫০০ লিটার ডিজেলসহ দুটি ট্যাংক লরি জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জব্দকৃত ট্যাংক লরি দুটি (নারায়ণগঞ্জ-চ-০১-০০২৯ এবং পিরোজপুর-ঢ-৪১-০০৪৮) বৈধ কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হয়। এছাড়াও জ্বালানি সরবরাহে ব্যবহৃত দুটি ফিলিং স্টেশন মিটার জব্দ করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম ফয়েজউদ্দিন জানান, জব্দকৃত ট্যাংক লরি দুটি সিদ্ধিরগঞ্জ থানায় হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে।
©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহারযোগ্য নহে