নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে দলটির যেকোনো ধরনের তৎপরতা প্রতিহত করতে রাজপথে থাকার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে আওয়ামী শাসনামলে সংঘটিত গুম, খুন ও গণহত্যার বিচারের দাবিতে আগামীকাল মঙ্গলবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে দলটি।
সোমবার (২৩ জুন) এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির কথা জানানো হয়। এতে বলা হয়, দলের সকল স্তরের নেতা-কর্মীদের আগামীকাল বিকেল ৫টায় নিজ নিজ জেলা ও মহানগর এলাকায় বিক্ষোভ সমাবেশে অংশ নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
দলটির নীতিনির্ধারণী পর্যায়ের নেতারা জানিয়েছেন, বিগত সরকারের সময়ের অপরাধীদের বিচার প্রক্রিয়া নিয়ে তারা সন্দিহান। এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য আকরাম হুসাইন সংবাদমাধ্যমকে বলেন, গুম ও গণহত্যার বিচার যেভাবে এগোচ্ছে, তাতে যথাযথ বিচার হওয়া নিয়ে তাদের মধ্যে সংশয় তৈরি হয়েছে।
তিনি আরও অভিযোগ করেন, অনেক ক্ষেত্রে আওয়ামী লীগের লোকজনকে ছেড়ে দেওয়া হচ্ছে। এমন পরিস্থিতিতে নিয়মিত রাজনৈতিক কর্মসূচির অংশ হিসেবেই এই বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে।
দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, মূল দলের পাশাপাশি এনসিপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোও এই কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেবে। আওয়ামী লীগের যেকোনো রাজনৈতিক সক্রিয়তা মোকাবিলা এবং বিগত সময়ের অপরাধগুলোর দ্রুত ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করাই এই কর্মসূচির মূল লক্ষ্য বলে জানিয়েছে দলটি।
You cannot copy content of this page