হামের উপসর্গ নিয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভিন্ন হাসপাতালে নতুন করে ১ হাজার ২৩২ জন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৩০ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩০ জনে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
বুলেটিনে বলা হয়েছে, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত শুধু ঢাকাতেই হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে সবচেয়ে বেশি ৫২৪ জন ঢাকা বিভাগের। এছাড়া চট্টগ্রামে ২৭৮, বরিশালে ১৩১, সিলেটে ১৫০, খুলনায় ৮৮, ময়মনসিংহে ৫৭, রংপুরে ২৬ এবং রাজশাহীতে ২৩ জন রোগী ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদফতরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে সোমবার সকাল পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৫২ হাজার ১১৭ জন রোগী ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৪৬ হাজার ৪০০ জন।
এদিকে একই সময়ে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭২ হাজার ৭২০ জনে। এর মধ্যে ২০ হাজার ১২৪ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে।
You cannot copy content of this page