বরিশালের গৌরনদীতে ব্যাংকে টাকা জমা দিতে গিয়ে নিখোঁজ হয়েছেন আশোকাঠী ফিলিং স্টেশনের কর্মচারী মো. মহিউদ্দিন তালুকদার। সোমবার (৯ নভেম্বর) দুপুর থেকে তাঁর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় পরিবার ও সহকর্মীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
ফিলিং স্টেশনের ম্যানেজার মো. জাহিদ হোসেন জানান, সোমবার বেলা ৩টার দিকে প্রতিষ্ঠানের চার লাখ টাকা ব্যাংকে জমা দেওয়ার উদ্দেশ্যে মোটরসাইকেল নিয়ে বের হন মহিউদ্দিন। এরপর থেকে তাঁর সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি।
পরিবারের সদস্য ও সহকর্মীরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে উপজেলা পরিষদের দক্ষিণ পাশে সাহা বাড়িসংলগ্ন জঙ্গলের পাশ থেকে মহিউদ্দিনের ব্যবহৃত মোটরসাইকেলটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। তবে রাত ১২টা পর্যন্ত তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।
ফিলিং স্টেশন কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, মহিউদ্দিন তালুকদার অত্যন্ত নম্র ও ভদ্র স্বভাবের একজন দায়িত্বশীল কর্মচারী ছিলেন। তাঁর হঠাৎ নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবার ও সহকর্মীদের মধ্যে চরম উৎকণ্ঠা বিরাজ করছে।
এ ঘটনায় সোমবার রাতে গৌরনদী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিক হাসান রাসেল জানিয়েছেন, নিখোঁজ কর্মচারীকে উদ্ধার এবং ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।
You cannot copy content of this page