শেরপুরের ঝিনাইগাতী থানার আইনশৃঙ্খলা রক্ষা কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে একটি নতুন পুলিশ পিকআপ প্রদান করা হয়েছে।
সোমবার (৩ আগস্ট) সকালে ডা. সেরাজুল হক মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে পিকআপটির চাবি আনুষ্ঠানিকভাবে শেরপুর জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ট্রাস্টের পক্ষ থেকে মরহুম ডা. সেরাজুল হকের ছেলে মো. মেজবাউল হক বাবু স্থানীয় পুলিশ কর্মকর্তাদের হাতে পিকআপের চাবি তুলে দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেরপুরের পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) আব্দুল আল মামুন, ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম নূর মোহাম্মদ, ঝিনাইগাতী উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ শাহজাহান আকন্দ, সদস্যসচিব মো. লুৎফর রহমান, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ, জেলা পুলিশের কর্মকর্তারা এবং ডা. সেরাজুল হক মেমোরিয়াল ট্রাস্টের প্রতিনিধিরা।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, ঝিনাইগাতী থানায় দীর্ঘদিন ধরে একটি পুলিশ পিকআপের প্রয়োজন ছিল। নতুন এ যানবাহন টহল কার্যক্রম, অপরাধ দমন, জরুরি সেবা প্রদান এবং সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের সক্ষমতা বাড়াতে সহায়ক হবে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জননিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক ও প্রয়োজনীয় যানবাহনের বিকল্প নেই। পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম ট্রাস্টের এ উদ্যোগের প্রশংসা করে বলেন, নতুন পিকআপটি থানার কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং জনগণের দোরগোড়ায় দ্রুত পুলিশি সেবা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠান শেষে ডা. সেরাজুল হক মেমোরিয়াল ট্রাস্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। একই সঙ্গে মরহুম ডা. সেরাজুল হকের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
ট্রাস্ট সূত্রে জানা যায়, শিক্ষা ও সমাজসেবামূলক বিভিন্ন উদ্যোগের পাশাপাশি ডা. সেরাজুল হক মেমোরিয়াল ট্রাস্ট প্রায় ২৫ বছর ধরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, বৃত্তি প্রদান এবং বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
You cannot copy content of this page