রাজধানীর বিজয় সরণি এলাকায় পথচারী এক নারীকে মারধরের ঘটনা ভিডিও ধারণ করায় গ্লোবাল টেলিভিশনের সাংবাদিক বুলবুল হোসাইনের ওপর পুলিশের হামলা ও নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবিতে বৃহস্পতিবার (৬ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।
অভিযোগে বুলবুল হোসাইন জানান, বিজয় সরণি সিগন্যালে এক পথচারী নারী ও এক বাইকারের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডার একপর্যায়ে ওই নারীকে মারধরের ঘটনা ঘটে। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে তিনি ঘটনাটি মোবাইল ফোনে ভিডিও ধারণ শুরু করলে কয়েকজন পুলিশ সদস্য ক্ষিপ্ত হয়ে ওঠেন।
তার দাবি, এরপর ২০ থেকে ২৫ জন পুলিশ সদস্য তাকে জোরপূর্বক একটি পুলিশ ভ্যানে তুলে নিয়ে ভিডিও ধারণের কারণ জানতে চান এবং ধারণ করা ভিডিও মুছে ফেলার জন্য চাপ দেন। ভিডিও ডিলিট করতে অস্বীকৃতি জানালে তার ওপর শারীরিক নির্যাতন চালানো হয়।
ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, পুলিশ সদস্যরা তাকে ভ্যানের মেঝেতে ফেলে বেধড়ক মারধর করেন। একপর্যায়ে তার মাথায় আঘাত করা হয় এবং বুকের ওপর পা দিয়ে চাপ দিয়ে নির্যাতন করা হয়।
পরে ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীদের সহায়তায় তাকে পুলিশ ভ্যান থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
ঢামেকের কর্তব্যরত চিকিৎসক জানান, বুলবুল হোসাইনের মাথার পেছনে, চোখে এবং বুকে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তার শারীরিক অবস্থা বিবেচনায় চিকিৎসকরা তিন দিনের সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন।
এ ঘটনায় পেশাগত দায়িত্ব পালনরত একজন সাংবাদিকের ওপর হামলার অভিযোগে সাংবাদিক মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে। বুলবুল হোসাইন ডিএমপি কমিশনারের কাছে দায়ের করা অভিযোগে ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
You cannot copy content of this page