কক্সবাজারের উখিয়ায় নলকূপ স্থাপনের সময় ভূগর্ভ থেকে বেরিয়ে আসা গ্যাসে টানা ১৫ দিন ধরে আগুন জ্বলছে। পরিস্থিতি পর্যবেক্ষণের পর এবার গ্যাসের প্রবাহ নিয়ন্ত্রণে আনার পরিকল্পনা করছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স) ও জ্বালানি বিশেষজ্ঞদের একটি দল।
বাপেক্স জানিয়েছে, গ্যাসের অনিয়ন্ত্রিত প্রবাহ বন্ধ করে ঘটনাস্থলের নিরাপত্তা নিশ্চিত করাই এখন তাদের প্রধান অগ্রাধিকার। সেখানে বাণিজ্যিকভাবে উত্তোলনযোগ্য গ্যাসের মজুত রয়েছে কি না, তা জানতে পরবর্তী সময়ে আরও অনুসন্ধান চালানো হবে।
মঙ্গলবার (১০ নভেম্বর) নয় সদস্যের একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পেট্রোলিয়াম ভূতাত্ত্বিক ও বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক হাওলাদার ওহিদুল ইসলাম।
তিনি জানান, প্রথম দিন গ্যাসের প্রবাহ যেমন ছিল, ১৫ দিন পর্যবেক্ষণের পরও তা একই রকম রয়েছে। গ্যাসটি মাটির অগভীরে থাকা ছোট কোনো পকেট থেকে বের হচ্ছে কি না, তা যাচাইয়ের জন্য এত দিন পর্যবেক্ষণ করা হয়েছে। কিন্তু প্রবাহ কমেনি।
ওহিদুল ইসলাম বলেন, অনিয়ন্ত্রিত গ্যাসপ্রবাহ বন্ধ করাই এখন সবচেয়ে জরুরি। পরে প্রয়োজনীয় অনুসন্ধান চালানো হবে। এভাবে গ্যাস জ্বলতে দেওয়া নিরাপদ নয়। ঘটনাস্থলের ভূতাত্ত্বিক গঠন পর্যবেক্ষণে সেখানে গ্যাস জমা হওয়ার উপযোগী কাঠামো থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে।
তিনি আরও বলেন, ওই এলাকার শিলার কাঠামোর সঙ্গে বাংলাদেশের এমন কয়েকটি অঞ্চলের ভূতাত্ত্বিক গঠনের মিল রয়েছে, যেখানে ইতিমধ্যে গ্যাসের মজুত আবিষ্কৃত হয়েছে। তবে ভূগর্ভে কী পরিমাণ গ্যাস রয়েছে এবং তা বাণিজ্যিকভাবে উত্তোলন করা সম্ভব কি না, তা নিশ্চিত হতে ভূতাত্ত্বিক জরিপ ও বিনিয়োগ প্রয়োজন।
উল্লেখ্য, গত ২৭ অক্টোবর উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ছোট ইনানী গ্রামের একটি বাড়ির আঙিনায় নলকূপ স্থাপনের সময় মাটি থেকে গ্যাস বের হতে শুরু করে। এরপর থেকেই সেখানে গ্যাসের প্রবাহ অব্যাহত রয়েছে এবং তা থেকে আগুন জ্বলছে।
You cannot copy content of this page