দেশের ১০ জেলার ওপর দিয়ে দুপুরের মধ্যে ঝড়ো বাতাস বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার (১২ জুন) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ সতর্কতা জানানো হয়।
আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের স্বাক্ষরিত সতর্কবার্তায় বলা হয়েছে, ময়মনসিংহ, টাঙ্গাইল, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
পূর্ব ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া ও ঝড়ের আশঙ্কা করা হচ্ছে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে।
ঝুঁকিপূর্ণ আবহাওয়ার কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে পৃথক পূর্বাভাসে জানানো হয়েছে, শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু এলাকায় অস্থায়ী দমকা হাওয়া, বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, এ সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
You cannot copy content of this page