যশোর সদর উপজেলায় যান্ত্রিক ত্রুটির কারণে চলন্ত একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে যাত্রীরা দ্রুত নেমে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
শুক্রবার (২৭ মার্চ) দুপুরে যশোর-নড়াইল মহাসড়কের ফতেহপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, চলন্ত অবস্থায় হঠাৎ বাসটিতে আগুন ধরে যায় এবং মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে।
আতঙ্কিত যাত্রীরা দ্রুত দরজা ও জানালা দিয়ে বের হয়ে নিরাপদে সরে যান। এ ঘটনায় কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
পুলিশ জানায়, যশোরের মনিহার থেকে প্রায় অর্ধশতাধিক যাত্রী নিয়ে ‘নড়াইল এক্সপ্রেস’ নামের বাসটি ঢাকার উদ্দেশে রওনা দেয়। ফতেহপুর এলাকায় পৌঁছালে বাসটির ইঞ্জিনে আগুন ধরে যায় এবং বিকট শব্দে বাসটি বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
যশোর কোতয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল ইসলাম জানান, বাসটি ছাড়ার আগে চালক যান্ত্রিক ত্রুটির বিষয়টি কর্তৃপক্ষকে জানিয়েছিলেন। এরপরও মালিকপক্ষের চাপে বাসটি ছেড়ে দেওয়া হয়। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং প্রমাণ পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
যশোর ফায়ার সার্ভিসের সাব-অফিসার মুজিবুর রহমান জানান, এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়