মালয়েশিয়ায় অবস্থানরত ইসরায়েলি পাসপোর্টধারীদের গণহারে আটকের অভিযোগ উঠেছে। এতে ভ্রমণকারী অনেকেই বিমানবন্দরে বিপাকে পড়ছেন। শনিবার (২৮ মার্চ) ওয়াইনেট গ্লোবাল–এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, সাম্প্রতিক মাসগুলোতে অন্তত আটজন ইসরায়েলিকে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর-এ আটক করা হয়েছে। কেউ দেশটিতে প্রবেশের চেষ্টা করছিলেন, আবার কেউ অন্য দেশে যাওয়ার জন্য ট্রানজিট হিসেবে মালয়েশিয়া ব্যবহার করছিলেন। উল্লেখ্য, মালয়েশিয়া ও ইসরায়েল-এর মধ্যে কোনো আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই।
এক ঘটনায় ফিলিপাইনগামী ফ্লাইটে ট্রানজিটের সময় চারজন ইসরায়েলি নাগরিককে আটক করা হয়। তাদের মধ্যে দুই নারী জানান, থাইল্যান্ড থেকে ফিলিপাইন যাওয়ার পথে তারা কুয়ালালামপুরে ট্রানজিট নিরাপদ কিনা জানতে একটি চ্যাটবট ব্যবহার করেছিলেন এবং ইতিবাচক উত্তর পেয়েছিলেন। পরে পরিস্থিতি বুঝে তারা ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন।
আরেক ঘটনায় কম্বোডিয়া থেকে ফিলিপাইন যাওয়ার পথে দুই ইসরায়েলি নাগরিককে আটক করে দুই দিন পর আবার কম্বোডিয়ায় ফেরত পাঠানো হয়।
প্রতিবেদনে বলা হয়, সাধারণত ২৪ থেকে ৪৮ ঘণ্টা পর্যন্ত এসব আটকের ঘটনা চললেও, অনেক ক্ষেত্রে তা আরও দীর্ঘায়িত হয়। বিশেষ করে অন্য দেশগুলো বহিষ্কৃত ইসরায়েলিদের প্রবেশে অস্বীকৃতি জানালে পরিস্থিতি জটিল হয়ে ওঠে।
সিঙ্গাপুরে অবস্থিত ইসরায়েলি দূতাবাসের হস্তক্ষেপে কয়েকজনকে মুক্ত করা সম্ভব হয়েছে। দেশটির রাষ্ট্রদূত এলিয়াহু ভেরেড হাজান নাগরিকদের মালয়েশিয়া ভ্রমণ বা ট্রানজিট এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন।
তিনি বলেন, সাম্প্রতিক সময়ে ইসরায়েলি নাগরিকদের আটকের ঘটনা বেড়েছে, যা ভোগান্তি, বিলম্ব এবং অতিরিক্ত খরচের কারণ হয়ে দাঁড়াচ্ছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়