পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীর ঐতিহ্যবাহী হোসাইনি দালান ইমামবাড়া থেকে বের হবে তাজিয়া মিছিল। এ উপলক্ষে বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক-লালবাগ বিভাগ।
ডিএমপি জানিয়েছে, বৃহস্পতিবার (২৫ জুন) রাত ২টা থেকে তাজিয়া মিছিল শেষ হওয়া পর্যন্ত, আনুমানিক ভোর ৪টা পর্যন্ত, লালবাগ বিভাগের কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে যানবাহন চলাচল সাময়িকভাবে নিয়ন্ত্রিত ও বন্ধ থাকবে। এ সময় নগরবাসীকে বিকল্প সড়ক ব্যবহার করার অনুরোধ জানানো হয়েছে।
রাতের মিছিলটি হোসাইনি দালান ইমামবাড়া থেকে শুরু হয়ে চাঁনখারপুল/নিমতলী ক্রসিং, নাজিমুদ্দিন রোড, জেল রোড, হাজী সেলিম টাওয়ার রোড, চক-সার্কুলার রোড, চকবাজার মডেল থানা মোড়, চকবাজার, শাহী মসজিদ মোড়, কারা সদর দপ্তরের নতুন রাস্তা, উমেশ দও রোড, বকশীবাজার (কলপাড়) মোড় ও বকশীবাজার লেন হয়ে পুনরায় হোসাইনি দালান ইমামবাড়ায় ফিরে আসবে।
এছাড়া শুক্রবার (২৬ জুন) সকাল ১০টা থেকে তাজিয়া মিছিল শেষ হওয়া পর্যন্ত, আনুমানিক দুপুর আড়াইটা পর্যন্ত, আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে।
দিনের মিছিলটি হোসাইনি দালান ইমামবাড়া থেকে শুরু হয়ে হোসাইনি দালান রোড, বকশীবাজার লেন, আলিয়া মাদ্রাসা মোড়, বকশীবাজার (কলপাড়) মোড়, উমেশ দও রোড, উর্দু রোড মোড়, হরনাথ ঘোষ রোড, লালবাগ চৌরাস্তা, গোর-এ-শহিদ মাজার মোড়, এতিমখানা মোড়, আজিমপুর চৌরাস্তা, ইডেন কলেজ, নিউমার্কেট মোড়, মিরপুর রোড, ঢাকা কলেজ, সায়েন্স ল্যাব মোড়, ধানমন্ডি আবাসিক এলাকার ২ নম্বর সড়ক, বিজিবি ৪ নম্বর গেট, সাত মসজিদ রোড হয়ে ঝিগাতলা ধানমন্ডি লেক (কারবালা) বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হবে।
ডিএমপির ট্রাফিক-লালবাগ বিভাগ নগরবাসী ও মোটরযান চালকদের এসব সময়ে বিকল্প সড়ক ব্যবহার এবং দায়িত্বরত ট্রাফিক পুলিশের নির্দেশনা অনুসরণ করার অনুরোধ জানিয়েছে।
You cannot copy content of this page