এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের অপেক্ষায় থাকা লাখো শিক্ষার্থীর উদ্বেগের অবসান হতে যাচ্ছে। সবকিছু ঠিক থাকলে আগামী বৃহস্পতিবার (৩০ জুলাই) ফল প্রকাশ করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, ‘আমরা ২০ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের চেষ্টা করেছিলাম। সেটা সম্ভব হয়নি। এখন ২৭ থেকে ২৮ জুলাইয়ের মধ্যে ফল প্রস্তুত করে ফেলব। এরপর শিক্ষা মন্ত্রণালয় যেদিন সিদ্ধান্ত দেবে, সেদিনই ফল প্রকাশ করা হবে।’
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক কর্মকর্তা জানান, ২৮ জুলাইয়ের মধ্যে সব শিক্ষা বোর্ড ফল প্রস্তুত করতে পারলে চলতি মাসের মধ্যেই ফল প্রকাশ সম্ভব।
তিনি বলেন, ‘২৭ জুলাই নতুন কুঁড়ি ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান রয়েছে। সেখানে প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন। ওই আয়োজন নিয়ে শিক্ষা প্রশাসন ব্যস্ত থাকবে। এছাড়া ৩১ জুলাই শুক্রবার হওয়ায় ৩০ জুলাই ফল প্রকাশের সম্ভাবনাই বেশি।’
এবারের এসএসসি ও সমমান পরীক্ষার লিখিত অংশ শেষ হয় ২০ মে। সাধারণ নিয়ম অনুযায়ী পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের কথা থাকলেও নির্ধারিত সময়ের মধ্যে তা সম্ভব হয়নি।
গত ২১ এপ্রিল শুরু হওয়া এ পরীক্ষায় অংশ নিতে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী নিবন্ধন করেন। এর মধ্যে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের এসএসসিতে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, মাদরাসা শিক্ষা বোর্ডের দাখিলে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষায় ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন অংশ নেন।
এবারের পরীক্ষায় বহিষ্কারের সংখ্যাও আগের বছরের তুলনায় কম ছিল বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
You cannot copy content of this page