নেত্রকোণা সদর উপজেলায় নিজ ঘর থেকে মাহফুল মিয়া (৩৫) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জমি-সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে পুলিশের প্রাথমিক ধারণা।
নিহত মাহফুল মিয়া উপজেলার কালিয়ারা গাবরাগাতী ইউনিয়নের দুআনী দুধকুড়া গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে।
নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, শনিবার (২৫ জুলাই) রাত ১২টার পর থেকে রোববার (২৬ জুলাই) ভোরের মধ্যে কোনো এক সময় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে খাবার খেয়ে মাহফুল মিয়া নিজ ঘরে ঘুমাতে যান। রোববার ভোরে তাঁর মা ঘুম থেকে উঠে ছেলের ঘরের দরজা খোলা দেখতে পান। এ সময় এলাকায় বিদ্যুৎ না থাকায় তিনি টর্চের আলো জ্বালিয়ে ঘরে ঢুকে মাহফুলকে গলাকাটা ও রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রস্তুত করে এবং পরবর্তী আইনগত কার্যক্রম শুরু করে।
ওসি আবুল খায়ের বলেন, পরিবারের সদস্যদের বরাত দিয়ে প্রাথমিকভাবে জানা গেছে, প্রতিবেশীদের সঙ্গে মাহফুল মিয়ার জমি নিয়ে বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরে হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে। তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
তিনি আরও জানান, হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।
You cannot copy content of this page